কলকাতা মেট্রো যাত্রীদের জন্য এল বড় সুখবর। পার্পল লাইনের সম্প্রসারণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মেট্রো রেল। জোকা-ধর্মতলা মেট্রো করিডরের রুট আরও বাড়িয়ে ডায়মন্ড পার্ক পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ফলে ভবিষ্যতে জোকা আর এই লাইনের প্রান্তিক স্টেশন থাকছে না।
মেট্রো রেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রায় দেড় কিলোমিটারেরও বেশি সম্প্রসারিত হবে পার্পল লাইনের রুট। জানা গিয়েছে, এই সম্প্রসারণের জন্য আইআইএম জোকার তরফেও আবেদন জানানো হয়েছিল। বর্তমানে পার্পল লাইনে ৭টি স্টেশন চালু রয়েছে এবং জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু আছে। বাকি ৫টি স্টেশনের কাজ এখনও চলমান।
অন্যদিকে, দীর্ঘদিনের জট কাটল অরেঞ্জ লাইনের কাজেও। চিংড়িঘাটার সমস্যার সমাধানের পর এবার ভিআইপি রোডের হলদিরাম মোড় এলাকায় নির্মাণকাজের অনুমতি পেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে অরেঞ্জ লাইনের বাকি কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) প্রায় ১৭৫ মিটার দীর্ঘ ও ৯ মিটার চওড়া একটি একমুখী রাস্তা নির্মাণ করছে, যা ভিআইপি রোডকে চিনার পার্কের সঙ্গে যুক্ত করবে। আগামী মাসের মধ্যেই এই রাস্তা ব্যবহারের উপযোগী হয়ে উঠতে পারে বলে জানা গিয়েছে।
দীর্ঘদিন ধরে হলদিরাম উড়ালপুল সংলগ্ন এলাকায় অরেঞ্জ লাইনের শেষ দুটি পিলারের নির্মাণকাজ আটকে ছিল। যান চলাচল নিয়ন্ত্রণের অনুমতি না থাকায় কাজ এগোচ্ছিল না। এবার সেই জট কাটায় দ্রুত নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার আশা করছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো রেলের এই দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কলকাতার গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।