কলকাতার নিউ আলিপুরে অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান পেয়েছে পুলিশ। তদন্তকারীদের নজরে আসে একটি রহস্যময় ঘর, যার ডিজিটাল লক খুলতে বেশ বেগ পেতে হয়। সূত্রের খবর, ঘরের কোড জানাতে পারেননি স্বরূপ বিশ্বাস। এমনকি তাঁর আঙুলের ছাপেও লক খোলেনি। চাবিওয়ালার চেষ্টাও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত বিশেষজ্ঞদের সাহায্যে লক খুলে ঘরে প্রবেশ করে পুলিশ।
ঘরের ভিতরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৪টি মোবাইল ফোন, ২টি আইপ্যাড এবং বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বেশ কিছু নথি একটি গিল্ড-সংক্রান্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত। তবে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে একসঙ্গে এতগুলি মোবাইল ও ডিজিটাল ডিভাইস লুকিয়ে রাখার কারণ।
পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মোবাইল ও আইপ্যাডে এমন তথ্য থাকতে পারে যা চলমান তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই কারণে ডিভাইসগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। বিশেষজ্ঞরা ডিভাইসগুলির লক খুলে তথ্য উদ্ধার করার চেষ্টা করবেন।
এদিকে, একাধিক অভিযোগে গ্রেপ্তার হওয়া স্বরূপ বিশ্বাসকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্তের স্বার্থে বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহের কাজ চলছে। অন্যদিকে, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এখনও তদন্তকারীদের সামনে হাজির হননি বলে জানা গেছে। তাঁর সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে। ফলে এই রহস্যময় ঘর থেকে উদ্ধার হওয়া সামগ্রী ঘিরে তদন্তে নতুন মোড় আসতে পারে বলে মনে করছে তদন্তকারী মহল।