যাদবপুর স্টেশন চত্বরে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে গ্রেফতার হওয়ার পর অবশেষে জামিন পেলেন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। সোমবার আলিপুর আদালত থেকে জামিন পেয়ে জেল থেকে বেরিয়েই রেল কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। একইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার এবং আদানি গোষ্ঠীকেও নিশানা করেন বাম ছাত্রনেতা।
সৃজনের অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আইনি প্রক্রিয়া এড়াতে রবিবার গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তাঁর দাবি, ২ তারিখ রেল কর্তৃপক্ষ প্রথম উচ্ছেদ করতে এলে আদালতের নথি দেখানোর পর তারা ফিরে গিয়েছিল। সোমবার আদালত খুললে পুনর্বাসন সংক্রান্ত রায়ের সার্টিফাইড কপি জমা দেওয়ার কথা থাকলেও তার আগেই মাঝরাতে অভিযান চালানো হয়।
এই অভিযানের সময় সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করা হয়েছে বলেও অভিযোগ করেন সৃজন। তাঁর দাবি, প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী, অভিনেতা জয়রাজ ভট্টাচার্য-সহ বহু ছাত্র ও সাধারণ মানুষ আহত হয়েছেন। তিনি এই ঘটনাকে রেল পুলিশ ও রাজ্য পুলিশের যৌথ কারসাজি এবং সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেন।
উচ্ছেদ ইস্যুতে বাম আমলের ‘অপারেশন সানশাইন’-এর প্রসঙ্গ টেনে সৃজন বলেন, তখন হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। অথচ বর্তমান সময়ে পুনর্বাসন ছাড়াই গরিব মানুষের রুজি-রুটিতে আঘাত করা হচ্ছে।
কেন্দ্রের মোদী সরকারকেও তীব্র ভাষায় আক্রমণ করে তিনি প্রশ্ন তোলেন, যে খেটে খাওয়া মানুষের ভোটে সরকার গঠিত হয়েছে, আধুনিকীকরণের নামে কেন তাঁদেরই উচ্ছেদ করা হচ্ছে? উন্নয়ন কি শুধুমাত্র বড় শিল্পপতিদের জন্য, নাকি সাধারণ মানুষের জন্যও— সেই প্রশ্ন তুলেছেন তিনি।
পুনর্বাসন ছাড়া উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সৃজন ভট্টাচার্য। তাঁর স্পষ্ট বার্তা, পুনর্বাসনের নিশ্চয়তা না মিললে এই আন্দোলন থামবে না।