পাহাড় সফরে গিয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনের পাশাপাশি বড় রাজনৈতিক বার্তা দিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার সকাল থেকে দার্জিলিং ও মিরিকের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। সফরের শুরুতেই মহাকাল মন্দিরে পুজো দেন পুরমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।পাহাড়ের অন্যতম প্রধান সমস্যা জলসংকটের সমাধানে চলা প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে সিনচেল এলাকায় যান অগ্নিমিত্রা পাল। সেখানে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে প্রকল্পের বর্তমান অবস্থা ও কাজ শেষ হওয়ার সম্ভাব্য সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। পরে হ্যাপি ভ্যালির একটি আইসিডিএস কেন্দ্র পরিদর্শন করে শিশু ও কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
এরপর মিরিক লেক পরিদর্শন করে পর্যটন উন্নয়নের নানা পরিকল্পনার কথা জানান পুরমন্ত্রী। পর্যটকদের আরও আকৃষ্ট করতে লেক সংলগ্ন এলাকাকে নতুনভাবে সাজানোর পাশাপাশি ওয়াইফাই পরিষেবা চালুর কথাও বলেন তিনি। পাশাপাশি পশুপতির মন্দিরেও যান তিনি।সফরের শেষ পর্যায়ে দুধিয়া এলাকায় গিয়ে গত বছরের ভয়াবহ বর্ষায় ক্ষতিগ্রস্ত সেতুর কাজ পরিদর্শন করেন অগ্নিমিত্রা। এখনও সেতুর নির্মাণকাজ সম্পূর্ণ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, ২০২৭ সালের মধ্যেই সেতুর কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ববর্তী সরকারের তীব্র সমালোচনা করেন অগ্নিমিত্রা পাল। তিনি দাবি করেন, জনজাতিদের জন্য গঠিত ১৬টি পৃথক বোর্ডের আর্থিক লেনদেন ও কাজকর্মের তদন্ত করা হবে। পাশাপাশি জিটিএ-ও তদন্তের আওতায় আসবে বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।পুরমন্ত্রী আরও বলেন, সিনচেলে চলা জল প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে পাহাড়ের দীর্ঘদিনের জল সমস্যা অনেকটাই মিটে যাবে। এছাড়া গত বর্ষায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বকেয়া আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।সূত্রের খবর, মঙ্গলবার তাঁর জলপাইগুড়ি সফরের সম্ভাবনা রয়েছে।