কাশ্মীরে পালিয়েও শেষরক্ষা হল না। সুদূর কাশ্মীর গিয়ে গ্রেপ্তার করা হল ওই তৃণমূল নেতাকে। দীর্ঘদিন ধরে তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধৃত ওই তৃণমূল নেতার নাম নওশাদ আলম। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা তাঁকে পাকড়াও করেছেন। নওশাদ আলমের গ্রেপ্তারির ঘটনায় বারাকপুর এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনার দমদম-বারাকপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি তথা ব্যারাকপুর পুরসভার প্রাক্তন পুরপিতা ছিলেন নওশাদ আলম।
গত ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছিল। রাজ্যে পালাবদলে তৃণমূলকে হারিয়ে বিজেপি বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে। শুভেন্দু অধিকারী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে ৪ মে ফল ঘোষণার পর ওই তৃণমূল নেতা গা ঢাকা দেন। তাঁর নামে তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে খবর। পুলিশ তাঁর খোঁজে শুরু করে তল্লাশি। বাংলায় তিনি গা ঢাকা দিয়ে নেই, এমন আন্দাজ করেছিলেন গোয়েন্দারা।
এই অবস্থায় তাঁদের কাছে খবর আসে বাংলা ছেড়ে ওই নেতা সুদূর কাশ্মীরে লুকিয়ে আছেন। সেই অবস্থায় কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকেই ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হল। ধৃতকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগগুলির বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হবে।