Nabadwip
পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতিকে তুলে নিয়ে গিয়ে মুক্তিপণের জন্য দেড় কোটি টাকা দাবি করে দুষ্কৃতীরা। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে নদিয়ার নবদ্বীপ থানার চর ব্রহ্মনগরে। মঙ্গলবার নবদ্বীপ থানায় হরিদাস দেবনাথের ছেলে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পরে সিসিটিভি ফুটেজ দেখে পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। একটি গাড়িও উদ্ধার হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো সোমবার বিকেলে বাড়ির গেটের সামনে চেয়ারে বসেছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা তৃণমূল নেতা হরিদাস দেবনাথ।
হঠাৎই একটি চার চাকা গাড়ি এসে তাঁর সামনে দাঁড়ায়। পিছনে প্রায় গোটা কুড়ি মোটরবাইক। অভিযোগ, তড়িঘড়ি হরিদাসের চোখ ও হাত বেঁধে গাড়িতে তুলে নেয় দুষ্কৃতীরা। একটি বাগানে নিয়ে গিয়ে টিনের ঘরে আটকে তাঁকে বেধড়ক মারধর করা হয়। দেড় কোটি টাকা মুক্তিপণ না দিলে তাঁর ছেলে, বৌমা, নাতিকে তুলে নিয়ে আসার হুমকিও দেয় দুষ্কৃতীরা। তাতে ওই তৃণমূল নেতা টাকা দিতে রাজি হলে টাকা আনতে বাড়ি ফেরানোর কথা বলেন।
আবারও অপহরণকারীরা চোখ মুখ এবং হাত বেঁধে একটি বাইকে চাপিয়ে নির্জন একটি গলির মধ্যে ছেড়ে দেয় হরিদাসকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। অনেকেই মুখ টিপে বলছেন, এই বাজারে তৃণমূলের নেতা কর্মীরা দল ছাড়ছেন, দল বদল করছেন, ডিম-হামলার শিকার হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন— এই পর্যন্ত ঠিক আছে। তা বলে পঞ্চায়েতের নেতাকে প্রকাশ্যে তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি! ঘটনার তদন্ত করছে পুলিশ।