Yogi Adityanath
তাঁর সবচেয়ে পছন্দের বিষয় কী? সোমবার একটি অনুষ্ঠানে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। কোনও রাখঢাক না করেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জবাব দেন, তাঁর সবচেয়ে পছন্দের বিষয় হল, মাফিয়াদের, দুষ্কৃতীদের শেষ করা। শুধু তা-ই নয়, আগামী দিনেও এ ভাবেই তিনি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতেও পিছপা হবেন না। নিজের পছন্দের বিষয় কোনটা, ন’বছর পর জনসমক্ষে সেই রহস্য ফাঁস করলেন যোগী। এ প্রসঙ্গে বলতে গিয়ে বেশ কয়েকটি দৃষ্টান্তও দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী। তিনি জানিয়েছেন, লখনউয়ে পুলিশের একটি জমি কব্জা করে রেখেছিল মাফিয়ারা। সেই বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজি তাঁর কাছে আসেন। তিনি জানান, এক মাফিয়া বৈআইনি ভাবে পুলিশের ওই জমি দখল করে রেখেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই মাফিয়ার বিরুদ্ধে প্রথমে এফআইআর করা হয়। তার পর পর দিন সেই অবৈধ দখলদারি হটাতে বুলডোজ়ার নামানো হয়। মাফিয়ার হাত থেকে সেই জমি পুনরুদ্ধার করেছে প্রশাসন।
পুনরুদ্ধার হওয়া সেই জমিতে ফরেনসিক গবেষণাগার বানানো হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী জানান, মাফিয়া এবং অপরাধের বিরুদ্ধে রাজ্য সরকার যে ‘জ়িরো টলারেন্স’ নীতি অনুসরণ করে তারই একটি দৃষ্টান্ত এটি। প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পরই যোগী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তাঁর সরকার এবং প্রশাসন অপরাধ এবং অপরাধীদের কোনও ভাবে প্রশ্রয় দেবে না। এ বিষয়ে ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়েই চলবে সরকার। তাই যখনই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কোনও প্রসঙ্গ উঠেছে, তখনই যোগী দাবি করেছেন, রাজ্যে কোনও ভাবেই মাফিয়ারাজ চলতে দেবেন না তিনি। মাফিয়াদের বিরুদ্ধে তাঁর সরকার কড়া পদক্ষেপ করবে। রাজ্য থেকে মাফিয়াদের দৌরাত্ম্য কমাতে বদ্ধপরিকর তাঁর সরকার। বার বার অপরাধদমন এবং অপরাধীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে এবং পদক্ষেপ করতেও দেখা গিয়েছে যোগীকে। কিন্তু মাফিয়াদের শেষ করাই যে তাঁর সবচেয়ে পছন্দের বিষয়, তা কোনও দিন প্রকাশ্যে বলেননি যোগী। এ বার তিনি জনসমক্ষে তাঁর পছন্দের বিষয়টি জানালেন।