earthquake
ফের রাজ্যে ভূমিকম্প। কেঁপে উঠল শিলিগুড়ি এবং কোচবিহার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪। ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি আর অবিরাম বজ্রপাতের মাঝেই ভূ-কম্পনে কেঁপে উঠল শিলিগুড়ি (Siliguri) শহর সহ উত্তরের বিভিন্ন জেলা। রবিবার রাত ১১টা ৭ মিনিট থেকে ১১টা ৮ মিনিটের মধ্যে শিলিগুড়ি শহরের বাসিন্দারা এই জোরালো কম্পন অনুভব করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার রাতে হঠাৎ ভূমিকম্পের ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, ভূমিকম্পের এপিসেন্টার ছিল ভুটান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। তবে শুধু শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রাথমিক ভাবে অনুমান, ভূমিকম্পের উৎসস্থল ভুটানের পুনাখা থেকে ৫ কিলোমিটার দূরে। রবিবার রাত ১১টা ৬ মিনিটে নাগাদ কম্পন অনুভূত হয়। যার জেরে কেঁপে ওঠে কোচবিহার, আলিপুরদুয়ার-সহ গোটা উত্তরবঙ্গ। বাংলাদেশ, নেপাল-সহ চিনেও এই ভূকম্পন অনুভূত হয়। রবিবার সন্ধ্যা থেকেই টানা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তার মধ্যেই আমচকা ভূকম্পনে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন। শিলিগুড়ির এক বাসিন্দা বলেন, ‘কয়েক মুহূর্ত আগে মোবাইল ফোনে ভূমিকম্পের সতর্কবার্তা এসেছিল। তার পরেই ঘরদোর কেঁপে ওঠে। ভয়ে দৌড়ে বাইরে চলে আছি।’ তবে ভূমিকম্পের এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।