তেলেঙ্গানার হায়দ্রাবাদে বিজেপির বুদ্ধিজীবী সম্মেলনে যোগ দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, যারা সন্ত্রাসবাদকে মদত দেয় এবং সন্ত্রাসীদের আশ্রয় দেয়, তাদের কাছে সিন্ধু নদীর এক ফোঁটা জলও পৌঁছাতে দেওয়া হবে না।
ভাষণে রাজনাথ সিং বলেন, পহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত রেখে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তাঁর কথায়, “যাদের চোখের জল শুকিয়ে গিয়েছে, তারা যেন ভারতের কাছ থেকে জল পাওয়ার আশা না করে। আমরা সিন্ধু নদীর জল সন্ত্রাসী এবং মানবতার শত্রুদের পৃষ্ঠপোষকদের কাছে পৌঁছাতে দেব না।”
প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ভারত আর কোনোভাবেই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ্য করবে না। জাতীয় নিরাপত্তার প্রশ্নে কেন্দ্র সরকারের নীতি স্পষ্ট, দৃঢ় এবং আপসহীন বলেও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।
অপারেশন ‘সিঁদুর’-এর প্রসঙ্গ তুলে রাজনাথ সিং বলেন, এই অভিযানের মাধ্যমে ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, যারা শান্তি ও সম্প্রীতির ভাষা বোঝে না, তাদের উপযুক্ত জবাব দিতে ভারত সক্ষম। তিনি দাবি করেন, দেশের সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। একইসঙ্গে এই অভিযান নিয়ে বিরোধীদের সমালোচনারও জবাব দেন তিনি।
ভারতের প্রতিরক্ষা সক্ষমতার প্রসঙ্গ তুলে রাজনাথ সিং বলেন, ভারত শুধু উন্নয়ন ও মানবিক সহায়তার প্রতীক নয়, প্রয়োজনে কঠোর ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষমতাও রাখে। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, দেশীয় প্রযুক্তির উন্নয়ন এবং ভবিষ্যতের নিরাপত্তা চাহিদা পূরণে কেন্দ্র সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।