লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলের অন্দরে বড়সড় ভাঙনের ইঙ্গিত মিলেছে দিল্লিতে হওয়া এক গুরুত্বপূর্ণ বৈঠককে কেন্দ্র করে। সূত্রের দাবি, কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূলের একাধিক সাংসদ বৈঠকে অংশ নেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দেব (দীপক অধিকারী)।
জানা গিয়েছে, নীল শার্ট ও জিনস পরে অত্যন্ত গোপনে বৈঠকে হাজির হয়েছিলেন দেব। ভাইরাল হওয়া ছবিতে তাঁকে দেখা না গেলেও, সূত্র মারফত তাঁর উপস্থিতির খবর সামনে আসে। আরও জানা যায়, বৈঠকে শুভেন্দু অধিকারী পৌঁছলে উপস্থিত সকলেই উঠে দাঁড়ান এবং দেবের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ কথাবার্তাও হয়।
রাজনৈতিক মহলে জোর জল্পনা, তৃণমূলের একাংশ সাংসদ আলাদা ব্লক গঠনের পথে হাঁটতে পারেন। সূত্রের দাবি, স্পিকার ওম বিড়লার কাছে নতুন ব্লক গঠনের বিষয়ে চিঠিও পাঠানোর প্রস্তুতি চলছে। সেই চিঠিতে নাকি স্বাক্ষর করেছেন দেবও।
দেবের রাজনৈতিক অবস্থান নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। বিজেপি সূত্রের দাবি, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল এবং সেই সূত্রেই তিনি দিল্লির বৈঠকে যোগ দেন। যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি ঘাটালের সাংসদ।
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেব জানিয়েছিলেন যে তিনি আর ভোটে লড়তে চান না। ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়ন না হওয়া এবং দলের কিছু নেতার সঙ্গে মতবিরোধের কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে রাজনৈতিক মহলের ধারণা। পরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তিনি ফের নির্বাচনে লড়তে রাজি হন।
এখন প্রশ্ন একটাই—দিল্লির এই বৈঠকের পর দেবের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে? ঘাটাল মাস্টারপ্ল্যানের পাশাপাশি কি রাজনৈতিক মাস্টারপ্ল্যানও তৈরি করে ফেলেছেন তিনি? সেই উত্তরই খুঁজছে বাংলা তথা দেশের রাজনৈতিক মহল।