সঞ্জয় লীলা বনশালির বহুল প্রতীক্ষিত ছবি‘লাভ অ্যান্ড ওয়ার’এখনও মুক্তি পায়নি,কিন্তু তার আগেই একটি মর্মান্তিক দুর্ঘটনার কারণে ছবিটি সংবাদ শিরোনামে উঠে এসেছে।গত ১৭ জুন মুম্বইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম স্টুডিয়োতে ছবির সেটে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৪২ বছর বয়সি কাঠমিস্ত্রি চন্দ্রধারী সিং যাদবের। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারেননি।ঘটনাটি ঘটার সময় সেটে ছবির শুটিং চলছিল এবং অভিনেত্রী আলিয়া ভাটও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।এই দুর্ঘটনার পর থেকেই বলিউডে কর্মীদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
মৃত কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে বনশালি প্রোডাকশনস ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করেছে বলে জানা গেছে।তবে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)-এর মতে,এই অর্থ পর্যাপ্ত নয়। সংগঠনটির দাবি,ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করা হোক,যাতে যাদবের পরিবারের ভবিষ্যৎ কিছুটা সুরক্ষিত হয়।বিশেষ করে তাঁর দুই নাবালিকা কন্যার পড়াশোনা এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে অতিরিক্ত আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি বলে মনে করছে FWICE।পাশাপাশি সংগঠনটি মৃত কর্মীর স্ত্রীর জন্য প্রযোজনা সংস্থার অধীনে একটি চাকরির ব্যবস্থার আবেদনও জানিয়েছে।
শুধু ক্ষতিপূরণ নয়,এই ঘটনার পর শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবিও উঠেছে।FWICE-এর পক্ষ থেকে জানানো হয়েছে,বৈদ্যুতিক সরঞ্জামের নিয়মিত পরীক্ষা,নিরাপত্তা বিধির কঠোর প্রয়োগ এবং কর্মীদের কাজের সময়সীমা নিয়ন্ত্রণে আরও সতর্ক হওয়া প্রয়োজন।যদিও এই দাবিগুলি নিয়ে এখনও পর্যন্ত বনশালি প্রোডাকশনসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।অন্যদিকে,রণবীর কাপুর,আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।তবে ছবির মুক্তির আগেই এই দুর্ঘটনা গোটা চলচ্চিত্র জগতে কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর পদক্ষেপের দাবি আরও জোরালো করেছে।