মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের‘অরা ওয়ার্ল্ড ট্যুর’-এর একটি অনুষ্ঠানকে ঘিরে আবারও বিতর্কের ঝড় উঠেছে। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর চেজ সেন্টারে আয়োজিত কনসার্ট চলাকালীন এক ব্যক্তি আচমকাই মঞ্চে উঠে পড়ে খালিস্তানি পতাকা নেড়ে বিক্ষোভ প্রদর্শন করেন।সেই সময় দিলজিৎ হাজার হাজার দর্শকের সামনে পারফর্ম করছিলেন।ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে উপস্থিত দর্শকদের মধ্যে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়।পরে সেই ঘটনার একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।ভিডিওতে দেখা যায়,ওই ব্যক্তি মঞ্চে উঠে কিছুক্ষণ ঘোরাফেরা করেন এবং দিলজিতের খুব কাছাকাছি পৌঁছে যান।ফলে কনসার্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে পরিস্থিতি দ্রুত সামাল দেয় নিরাপত্তারক্ষীরা।তারা মঞ্চে উঠে ওই ব্যক্তিকে আটক করে বাইরে নিয়ে যায় এবং পরে স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়। উল্লেখযোগ্য বিষয় হল,এই পুরো ঘটনার মাঝেও দিলজিৎ নিজের পারফরম্যান্স থামাননি।তিনি স্বাভাবিকভাবেই গান গেয়ে এবং দর্শকদের সঙ্গে যোগাযোগ রেখে অনুষ্ঠান চালিয়ে যান।তাঁর এই পেশাদার মনোভাব অনেক অনুরাগীর প্রশংসা কুড়িয়েছে।বড় ধরনের বিশৃঙ্খলা বা আতঙ্কের পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সবকিছু নিয়ন্ত্রণে চলে আসে।তবে ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।কেউ নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করছেন,আবার কেউ দিলজিতের ধৈর্য ও সংযমের প্রশংসা করছেন।
প্রসঙ্গত,এই ধরনের বিক্ষোভের মুখে দিলজিতকে এই প্রথম পড়তে হয়নি।এর আগেও কানাডার ক্যালগারিতে তাঁর একটি কনসার্টে একই ধরনের ঘটনা ঘটেছিল।তখন মঞ্চ থেকেই তিনি বলেছিলেন,পাঞ্জাবের সংস্কৃতি,ঐতিহ্য এবং সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরাই তাঁর উদ্দেশ্য। ২০২৫ সালে‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-এ অংশগ্রহণের পর থেকেই কিছু খালিস্তানপন্থী গোষ্ঠীর সমালোচনার মুখে পড়েন তিনি বলে দাবি করা হয়।বিশেষ করে অমিতাভ বচ্চনের প্রতি তাঁর প্রকাশ্য শ্রদ্ধা প্রদর্শন নিয়ে আপত্তি জানানো হয়েছিল।যদিও দিলজিৎ বারবার স্পষ্ট করেছেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার তিনি সম্মান করেন।কিন্তু কোনও কনসার্টে ঢুকে শিল্পী ও দর্শকদের অভিজ্ঞতা ব্যাহত করা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রচেষ্টাকে তিনি কখনও সমর্থন করেন না।সাম্প্রতিক ঘটনাও সেই বিতর্ককে নতুন করে সামনে এনে দিয়েছে।