রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের সুফল ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছে পৌঁছতে শুরু করেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আগামী ২২ জুন রাজ্যবাসীর জন্য বড় কোনও সুখবর বা গুরুত্বপূর্ণ ঘোষণা অপেক্ষা করছে বলেও ইঙ্গিত দিলেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ডবল ইঞ্জিন সরকারের লাভ আপনারা ইতিমধ্যেই পাচ্ছেন। আগামী দিনে আরও পাবেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছবে যে, আমাদের আর আলাদা করে বলতে হবে না, আপনারাই ডবল ইঞ্জিন সরকারের সবচেয়ে বড় প্রচারক হয়ে উঠবেন।”
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে তিনি জানান, কেন্দ্রের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনার আওতায় রাজ্যের ১ কোটিরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর দাবি, এর ফলে বহু সাধারণ মানুষ উন্নত ও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাচ্ছেন। এই প্রকল্পকে ডবল ইঞ্জিন সরকারের অন্যতম বড় সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি।
তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল আগামী ২২ জুনকে ঘিরে। তিনি বলেন, “২২ তারিখ আপনারা স্পষ্ট বুঝতে পারবেন, এই সরকার কীভাবে সমস্ত অর্থনৈতিক দিক সামলে পশ্চিমবঙ্গকে নতুন উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।” তাঁর এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
যদিও ২২ জুন ঠিক কী ঘোষণা করা হবে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত কিছু জানাননি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, রাজ্যের অর্থনীতি, সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য বা পরিকাঠামো সংক্রান্ত কোনও বড় প্রকল্প বা জনকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা করা হতে পারে। এখন সেই সম্ভাব্য ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ।