একদিনের কলকাতা সফরে এসে চিংড়িঘাটা মেট্রো প্রকল্প পরিদর্শন করে আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, কলকাতার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও মেট্রো প্রকল্পের কাজ দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল, যার ফলে উন্নয়ন ব্যাহত হয়েছে।
শনিবার কলকাতায় পৌঁছে প্রথমেই মেট্রো পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখেন রেলমন্ত্রী। নোয়াপাড়া ও অন্যান্য স্টেশনে যাত্রী এবং কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করে বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্রুত প্রশাসনিক অনুমোদন মেলায় আটকে থাকা কাজ অল্প সময়ের মধ্যেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
রেলমন্ত্রী জানান, আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে কলকাতায় ৬০টি নতুন প্রজন্মের মেট্রো রেক আনা হবে। এর ফলে শহরের গণপরিবহণ আরও আধুনিক ও যাত্রীবান্ধব হবে বলে তিনি আশাবাদী।
অশ্বিনী বৈষ্ণবের দাবি, ১৯৭২ সালে কলকাতা মেট্রোর কাজ শুরু হলেও পরবর্তী ৪২ বছরে মাত্র ২৮ কিলোমিটার রেলপথ নির্মিত হয়েছিল। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে ৪৫ কিলোমিটার মেট্রো পরিষেবা সম্প্রসারণ করা হয়েছে। তাঁর অভিযোগ, পূর্বতন রাজ্য সরকার বিভিন্ন সময়ে এই প্রকল্পগুলির বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছিল।
এদিন সফরের আরেকটি মুহূর্তও বিশেষভাবে নজর কেড়েছে। মেট্রো স্টেশন পরিদর্শনের সময় রেলমন্ত্রীর সামনে পড়ে থাকা একটি খালি জলের বোতল নিজেই তুলে ডাস্টবিনে ফেলেন তিনি। নিরাপত্তারক্ষীরা এগিয়ে এলেও তিনি নিজেই বোতলটি নির্দিষ্ট স্থানে ফেলে পরিচ্ছন্নতার বার্তা দেন। সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।