মেসির হ্যাটট্রিক ঘিরে বিতর্কের ঝড়, ফেসবুক পোস্টে অরূপ বিশ্বাসকে কটাক্ষ শতদ্রু দত্তের?
বিশ্বকাপে লিওনেল মেসির ঐতিহাসিক হ্যাটট্রিকের উচ্ছ্বাসের মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন ক্রীড়া উদ্যোক্তা তথা মেসির কলকাতা সফরের অন্যতম আয়োজক শতদ্রু দত্ত। তাঁর একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক ও ক্রীড়া মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন শতদ্রু দত্ত। কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখা ছিল, “অরূপ দা আপনার পাড়ার পল্টু আজ হ্যাটট্রিক করেছে, এবার তো বেড়িয়ে আসুন।” পোস্টে সরাসরি কারও নাম না থাকলেও, রাজনৈতিক মহলের একাংশ এবং নেটিজেনদের দাবি, এই মন্তব্যের মাধ্যমে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেই নিশানা করা হয়েছে।
প্রসঙ্গত, কলকাতায় লিওনেল মেসির সফর এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে টিকিট ও পাস বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। সেই ঘটনার অন্যতম অভিযোগকারী শতদ্রু দত্ত। তাঁর দাবি, তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রভাব খাটিয়ে বিপুল সংখ্যক টিকিট ও পাস সংগ্রহ করেছিলেন, যার ফলে অনুষ্ঠানের স্বাভাবিক ব্যবস্থাপনা ব্যাহত হয়েছিল। এই অভিযোগকে কেন্দ্র করে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়।
যদিও সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে অরূপ বিশ্বাস শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পেয়েছেন। অন্যদিকে শতদ্রু দত্তের অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে না। সেই কারণেই তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে ওই রক্ষাকবচকে চ্যালেঞ্জ করেছেন বলে জানা গিয়েছে।
এরই মধ্যে মেসির হ্যাটট্রিকের আবহে শতদ্রুর এই পোস্ট নতুন করে বিতর্ককে উসকে দিয়েছে। অনেকের মতে, পোস্টের ভাষার আড়ালে রয়েছে পুরনো ঘটনার প্রতি ইঙ্গিত এবং রাজনৈতিক বার্তা। যদিও শতদ্রু দত্ত নিজে এই পোস্টের ব্যাখ্যা দেননি, তবুও তা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। এখন নজর আদালতের পরবর্তী পদক্ষেপ এবং এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকেই।