স্টার জলসার নতুন ধারাবাহিক ‘দুলারি’ সম্প্রচার শুরুর আগেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। আগামী ২৯ জুন থেকে প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিটে দেখা যাবে এই ধারাবাহিক।মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবপ্রিয়া এবং তাঁর বিপরীতে রয়েছেন নীল।তবে এখনও পর্যন্ত প্রকাশিত কোনও প্রোমোতেই এই জুটিকে একসঙ্গে দেখা যায়নি।সম্প্রতি মুক্তি পাওয়া নতুন প্রোমোতে প্রথমবার সামনে এসেছে ধারাবাহিকের খলনায়িকার চরিত্র, যেখানে অভিনয় করছেন কথা চক্রবর্তী।প্রোমোতে দেখা যায়,গ্রামের সহজ-সরল মেয়ে দুলারি উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে কলকাতার একটি নামী কলেজে ভর্তি হতে আসে।বড় শহরের আধুনিক পরিবেশ,সহপাঠীদের পোশাক-আশাক এবং জীবনযাত্রা দেখে প্রথমে কিছুটা অবাক হয়ে গেলেও নিজের আত্মবিশ্বাস হারায় না সে।নতুন জায়গায় মানিয়ে নেওয়ার লড়াই দিয়েই শুরু হয় তার নতুন অধ্যায়।
কলেজে ঢোকার পর ফার্স্ট ইয়ারের ক্লাসরুমের খোঁজ করতে গিয়েই দুলারির মুখোমুখি হয় খলনায়িকার।এরপর শুরু হয় তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ।গ্রামের মেয়ে বলে অনেকেই তাকে ছোট করে দেখার চেষ্টা করলেও দুলারি চুপ করে সব অপমান সহ্য করার মেয়ে নয়।নিজের উপস্থিত বুদ্ধি,স্পষ্টভাষী স্বভাব এবং বাস্তবজ্ঞান দিয়ে সে সকলকে জবাব দিতে প্রস্তুত থাকে।পড়াশোনার পাশাপাশি আত্মসম্মান বজায় রেখে কীভাবে সে কলেজের কঠিন পরিবেশে নিজের পরিচয় তৈরি করবে,সেটাই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হতে চলেছে।প্রোমো দেখে অনেকেই মনে করছেন,এই গল্পে সংগ্রাম,বন্ধুত্ব, প্রতিদ্বন্দ্বিতা এবং ভালোবাসার নানা দিক একসঙ্গে উঠে আসবে।
তবে প্রোমো প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক।অনেক দর্শকের মতে,দুলারির কথা বলার ধরন,সরল স্বভাব এবং সংলাপ বলার ভঙ্গি অনেকটাই ‘পরিণীতা’ ধারাবাহিকের পারুল চরিত্রের সঙ্গে মিলে যায়।তাই নেটিজেনদের একাংশ মজার ছলে দুলারিকে ‘পারুলের ছোট বোন’ বলেও মন্তব্য করছেন। যদিও অন্য একাংশের মত,মাত্র একটি প্রোমো দেখে কোনও চরিত্রকে বিচার করা উচিত নয়।ধারাবাহিক শুরু হওয়ার পরই বোঝা যাবে দুলারি কতটা আলাদা ছাপ ফেলতে পারে।এদিকে নতুন ধারাবাহিকের জন্য দীর্ঘদিনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নম্বর ওয়ান’-এর সম্প্রচারের সময়ও বদলেছে।২৯ জুন থেকে অনুষ্ঠানটি রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচারিত হবে,আর সঞ্চালিকার আসনে রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।