বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার দাম্পত্য জীবনের বয়স পেরিয়েছে ২৫ বছরেরও বেশি।ভালোবাসা,বন্ধুত্ব,খুনসুটি এবং অকপট সম্পর্কের জন্য তাঁরা বরাবরই ভক্তদের প্রিয়।সোশ্যাল মিডিয়াতেও একে অপরকে নিয়ে মজার মন্তব্য করতে দেখা যায় তাঁদের।এবারও সেই সম্পর্কের এক মজার দিক সামনে এসেছে।আসন্ন ছবি ‘ওয়েলকাম টু জঙ্গল’-এর প্রচারে একটি সাক্ষাৎকারে রসিকতার ছলে অক্ষয় বলেন, “টিনা (টুইঙ্কল) যে কোনও দিন আমাকে মেরে ফেলতে পারে!” অভিনেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় জোর চর্চা।যদিও গোটা বিষয়টাই ছিল হাস্যরসের ছলে বলা,তবুও তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
সাক্ষাৎকারে অক্ষয়কে জিজ্ঞাসা করা হয়, তাঁর জীবনের সবচেয়ে বড় সমালোচক কে।কোনও দ্বিধা না করেই তিনি স্ত্রীর নাম নেন।অভিনেতার কথায়,টুইঙ্কল তাঁর কোনও কাজের সমালোচনা করতে একটুও পিছপা হন না।কোনও সিনেমা বা ট্রেলার ভালো না লাগলে সরাসরি তা জানিয়ে দেন।আবার কোনও বিষয়ে মতের অমিল হলেও নিজের অবস্থান থেকে সহজে সরে আসেন না।অক্ষয় মজার ছলেই বলেন, টুইঙ্কলের সঙ্গে তর্কে জেতা কার্যত অসম্ভব। লেখিকা হিসেবে তাঁর স্পষ্টভাষী ও ব্যঙ্গাত্মক স্বভাবের কথা বলিউডে সকলেরই জানা।অতীতেও অক্ষয়ের বিভিন্ন কাজ এবং সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন তিনি।তাই স্ত্রীর সমালোচনাকে যথেষ্ট গুরুত্ব দেন বলেও জানান অভিনেতা।
তবে শুধু সমালোচনাই নয়, ভালো কাজের প্রশংসাও করেন টুইঙ্কল।অক্ষয় জানান,সম্প্রতি ‘ভূত বাংলা’ ছবির ট্রেলার দেখে টুইঙ্কল তাঁকে বার্তা পাঠিয়ে লিখেছিলেন যে ট্রেলারটি তাঁর দারুণ লেগেছে।স্ত্রীর কাছ থেকে এমন প্রশংসা পেয়ে অক্ষয় এতটাই খুশি হয়েছিলেন যে সঙ্গে সঙ্গেই পরিচালক প্রিয়দর্শনকে ফোন করে সেই সুখবর জানান।তাঁর কথায়,টুইঙ্কলের কাছ থেকে ইতিবাচক মন্তব্য পাওয়া খুবই বিরল,তাই সেই স্বীকৃতি তাঁর কাছে বিশেষ প্রাপ্তি।পারস্পরিক শ্রদ্ধা,খোলামেলা সমালোচনা এবং নিঃসংকোচ প্রশংসাই তাঁদের দীর্ঘ দাম্পত্য সম্পর্ককে আজও বলিউডের অন্যতম সফল ও আলোচিত সম্পর্ক হিসেবে ধরে রেখেছে।