Prakash Raj
প্রকাশ রাজ এবং বিতর্ক যেন একে-অপরের সমার্থক! বেফাঁস মন্তব্যের জেরে প্রায়শই চর্চার শিরোনামে থাকেন দক্ষিণী অভিনেতা। একাধিকবার অবশ্য আইনি জটিলতাতেও পড়তে হয়েছে প্রকাশকে! রাজনৈতিকমহলের রোষানলেও পড়েছেন। তবে শত বিতর্ক-সমালোচনা সত্ত্বেও বাকস্বাধীনতায় রাশ টানেনি! এবার প্রকাশ রাজের (Prakash Raj) বিরুদ্ধে একাধিক ভোটার কার্ড রাখার মতো গুরুতর অভিযোগ উঠল। যার জেরে জামিন অযোগ্য পরোয়ানায় অভিনেতার গ্রেপ্তার হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে।
খবর, প্রকাশ রাজের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে বেঙ্গালুরুর একটি আদালত। অভিযোগ, একাধিক রাজ্যে তাঁর ভোটার পরিচয়পত্র রয়েছে। কয়েক বছর আগে দিলীপ কুমার নামে জনৈক আইনজীবী প্রকাশ রাজের বিরুদ্ধে এহেন বিস্ফোরক অভিযোগ এনে বেঙ্গালুরুর হালাসুরু গেট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। মামলাকারী আইনজীবীর দাবি, ২০১৯ সালে পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ নেয়নি। এরপর বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার এবং ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তিনি।
সেই যাত্রাতেও কোনও কর্তৃপক্ষের তরফে সাড়া না পেয়ে শেষমেশ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হন তিনি। সেই মামলার ভিত্তিতেই এবার প্রকাশের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত। যার প্রেক্ষিতে প্রকাশ রাজ গ্রেপ্তার হতে পারেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন নাগরিক দেশের কেবল একটি জায়গাতেই ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারেন। তবে আইনজীবীর অভিযোগনামায় উল্লেখ, একাধিক ভোটার পরিচয়পত্র রেখে সেই আইন লঙ্ঘন করেছেন প্রকাশ রাজ। অভিযোগকারীর দাবি, অভিনেতার কাছে কর্ণাটক, তামিলনাড়ু ও তেলেঙ্গানা-সহ মোট চার রাজ্যের ভোটার পরিচয়পত্র রাখেন। এর আগে আদালত দু’বার অভিনেতাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে সমন পাঠিয়েছিল। কিন্তু দু’দিনই হাজিরা এড়িয়ে যান প্রকাশ। এবার সেই প্রেক্ষিতেই জামিন অযোগ্য পরোয়ানা জারি হল দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে।