জনপ্রিয় বলিউড গায়ক Sonu Nigam-কে ঘিরে উদ্বেগ বাড়ছে অনুরাগীদের মধ্যে।গত কয়েক দিন ধরে গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন তিনি।শারীরিক যন্ত্রণা এতটাই তীব্র যে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হচ্ছে শিল্পীকে।পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই এমআরআই, সিটি স্ক্যান-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো হয়েছে। চিকিৎসার অংশ হিসেবে তাঁকে শক্তিশালী ওষুধও দেওয়া হচ্ছে। তবে সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে তাঁর কণ্ঠস্বরেও কিছুটা পরিবর্তন দেখা দিতে শুরু করেছে, যা স্বাভাবিকভাবেই ভক্তদের উদ্বেগ আরও বাড়িয়েছে। একজন গায়কের কাছে কণ্ঠস্বরই সবচেয়ে বড় সম্পদ, তাই বিষয়টি নিয়ে চিন্তিত সঙ্গীতপ্রেমীরাও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে এনেছেন সোনু। ভিডিওতে তাঁর কাঁধে ব্যান্ডেজ দেখা যায়।নিজের যন্ত্রণার বর্ণনা দিতে গিয়ে গায়ক জানান, তাঁর স্নায়ুগুলোতে যেন কেউ ক্রমাগত চিমটি কাটছে।এই অসহ্য ব্যথা থেকে মুক্তি পেতে নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপাশি ফিজিয়োথেরাপিও করাতে হচ্ছে তাঁকে।তবে সেই থেরাপির প্রক্রিয়াও যে মোটেই সহজ নয়,সেটাও স্পষ্ট করেছেন শিল্পী। চিকিৎসকদের দেওয়া পেশি শিথিলকারী ওষুধের কারণে তাঁর গলা ভারী হয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।ফলে সামনে থাকা একাধিক লাইভ অনুষ্ঠানে এর প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা তৈরি হয়েছে।
তবে অসুস্থতা সত্ত্বেও কাজ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন না সোনু নিগম।চলতি মাসের শেষদিকে মুম্বইয়ে তাঁর একটি গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠান রয়েছে এবং তিনি সেই মঞ্চে ওঠার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। উল্লেখযোগ্য বিষয় হল,এর আগেও মেরুদণ্ডে গুরুতর চোট পেয়েও ভক্তদের নিরাশ করেননি তিনি।প্রবল ব্যথা নিয়েও মঞ্চে উঠে গান শুনিয়েছিলেন শ্রোতাদের।তাই এবারও তাঁর সেই লড়াকু মানসিকতাই সামনে এসেছে। কঠিন শারীরিক অবস্থার মধ্যেও কাজের প্রতি তাঁর দায়বদ্ধতা ও পেশাদার মনোভাব অনুরাগীদের মুগ্ধ করেছে।অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা ও প্রার্থনার বার্তা ভেসে আসছে।