বাংলা বাণিজ্যিক সিনেমার স্বর্ণযুগের অন্যতম সফল নির্মাতা সুজিত গুহ বর্তমানে গুরুতর অসুস্থ।‘অমর সঙ্গী’,‘মন মানে না’,‘আশা ও ভালোবাসা’-সহ একাধিক জনপ্রিয় ছবির মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করেছেন।সম্প্রতি ইস্কেমিক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর আপাতত বাড়িতে ফিরেছেন তিনি,তবে চিকিৎসকদের কড়া নির্দেশে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে,আগের তুলনায় তিনি কিছুটা সুস্থ হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি।মাঝে মাঝেই কথা বলতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন,কখনও কথার সংযোগ হারিয়ে ফেলছেন,আবার অনেক সময় পরিচিত মানুষদের চিনতেও অসুবিধা হচ্ছে।আগামী সপ্তাহে তাঁর একাধিক স্বাস্থ্য পরীক্ষা ও রুটিন চেকআপের মাধ্যমে চিকিৎসকরা তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতি আরও বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করবেন।পরিবার আশাবাদী, ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠবেন।
প্রবীণ এই পরিচালকের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই পাশে দাঁড়িয়েছে গোটা বাংলা চলচ্চিত্র জগত।শনিবার সকালে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন।অন্যদিকে,প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উদ্যোগ নিয়ে দীর্ঘদিন অচল থাকা স্বাস্থ্য সাথী কার্ডটি পুনরায় সচল করানোর ব্যবস্থা করেন।এর ফলে হাসপাতালের চিকিৎসা খরচ অনেকটাই কমেছে এবং উন্নত পরিষেবা পাওয়াও সহজ হয়েছে।পরিবারের সদস্যরা জানিয়েছেন,এই সহযোগিতা তাঁদের কঠিন সময়ে বড়সড় মানসিক ও আর্থিক স্বস্তি এনে দিয়েছে।
শুধু প্রসেনজিৎ ও ঋতুপর্ণাই নন,সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা দেবও।তাঁর অফিস থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।পাশাপাশি পরিচালক হরনাথ চক্রবর্তীও যেকোনও প্রয়োজনে পাশে থাকার বার্তা দিয়েছেন।কয়েকদিন আগে পরিচালক অর্কদীপ নাথ সামাজিক মাধ্যমে সুজিত গুহর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানালে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।এরপরই টলিউডের বিভিন্ন মহল থেকে সহমর্মিতা ও সহযোগিতার ঢল নামে।অসুস্থ পরিচালকের পাশে এভাবে ইন্ডাস্ট্রির শিল্পী ও কলাকুশলীদের একজোট হয়ে দাঁড়ানোয় কৃতজ্ঞ ও আবেগাপ্লুত তাঁর পরিবার।