ভারতের অন্যতম জনপ্রিয় স্পাই-থ্রিলার সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর চতুর্থ সিজন ঘিরে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে।২০২৫ সালের শেষদিকে মুক্তি পাওয়া তৃতীয় সিজনের সমাপ্তি অনেক প্রশ্নের উত্তর না দিয়েই শেষ হয়েছিল,যা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল নানা আলোচনা। এবার সেই রহস্যের ব্যাখ্যা দিলেন সিরিজের অন্যতম নির্মাতা রাজ নিদিমোরু।এক সাক্ষাৎকারে তিনি জানান, তৃতীয় ও চতুর্থ সিজনকে শুরু থেকেই একটি বড় গল্পের দুই ভাগ হিসেবে পরিকল্পনা করা হয়েছিল।তাই সিজন ৩-এর অসমাপ্ত সমাপ্তি ছিল সম্পূর্ণ পরিকল্পিত।তাঁর কথায়, মূল গল্প একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছালেও শ্রীকান্ত তিওয়ারির যাত্রা ইচ্ছাকৃতভাবে অসমাপ্ত রাখা হয়েছিল, যাতে তার পরিণতি আগামী সিজনে দেখানো যায়। বর্তমানে দিন-রাত এক করে চতুর্থ সিজনের চিত্রনাট্যের কাজ চলছে।
অন্যদিকে, মনোজ বাজপেয়ীও নতুন সিজনের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন।তিনি জানান, পরিচালক জুটি রাজ ও ডিকে আপাতত তাঁদের জনপ্রিয় সিরিজ ‘ফর্জি’-র নতুন সিজনের শুটিংয়ে ব্যস্ত।সেই কাজ শেষ হওয়ার পরই তাঁরা পুরোপুরি‘দ্য ফ্যামিলি ম্যান ৪’-এর কাজে মন দেবেন।বর্তমানে স্ক্রিপ্টের শেষ ড্রাফট তৈরির কাজ চলছে।চূড়ান্ত চিত্রনাট্য প্রস্তুত হলেই অভিনেতাদের শুটিংয়ের সময়সূচি ঠিক করা হবে।ফলে খুব শিগগিরই শ্রীকান্ত তিওয়ারির নতুন মিশনের শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।এই আপডেট সামনে আসার পর থেকেই অনুরাগীদের উৎসাহ আরও বেড়ে গিয়েছে।
তৃতীয় সিজনে আন্তর্জাতিক ষড়যন্ত্র‘প্রজেক্ট সহকার’-এর বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছিল শ্রীকান্ত তিওয়ারিকে। দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের টানাপোড়েনও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।এই সিজনে জয়দীপ আহলাওয়াতের‘রুকমা’ চরিত্র যেমন প্রশংসিত হয়েছিল,তেমনই সবচেয়ে বড় চমক ছিল ‘ফর্জি’-র বিজয় সেতুপতির‘মাইকেল বেদনায়গম’-এর বিশেষ উপস্থিতি।সেই ক্যামিও থেকেই জোর জল্পনা শুরু হয়েছে,রাজ ও ডিকে কি ধীরে ধীরে নিজেদের একটি অভিন্ন স্পাই ইউনিভার্স তৈরি করছেন? যদি তা-ই হয়, তাহলে আগামী সিজনে বিজয় সেতুপতির পাশাপাশি শাহিদ কাপুরকেও দেখা যেতে পারে।যদিও নির্মাতারা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি,তবুও দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।