টেলিভিশনের অন্যতম জনপ্রিয় গেম শো **’দাদাগিরি’** এবার শুরু করতে চলেছে একেবারে নতুন অধ্যায়। এতদিন দর্শকদের কাছে এই অনুষ্ঠানের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ। তবে এবার সেই মঞ্চে নতুন সঞ্চালক হিসেবে দেখা যাবে টলিউডের সুপারস্টার ও সাংসদ দেবকে।সম্প্রতি প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের নতুন প্রোমো,যেখানে নতুন স্লোগান **’দাদাগিরি না করেও দাদাগিরি করা যায়’** ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।যদিও সম্প্রচারের নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি,তবে জুলাই মাস থেকেই অনুষ্ঠানটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।তার আগেই শুরু হয়েছে জোরকদমে প্রচার,আর সেই প্রচারে নিজেই সক্রিয় ভূমিকা নিয়েছেন দেব।নতুন দায়িত্বকে ঘিরে অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে প্রবল কৌতূহল।
শনিবার নিজের সমাজমাধ্যমের পাতায় শুটিং ফ্লোর থেকে টিমের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেন দেব।ক্যাপশনে লেখেন,**’দাদাগিরি মোড অন’**। মুহূর্তের মধ্যেই সেই পোস্টে লাইক,কমেন্ট ও শুভেচ্ছার বন্যা বয়ে যায়। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল,সৌরভ গঙ্গোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে’দাদাগিরি’র মঞ্চে দেখা যেতে পারে দেবকে।অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেন অভিনেতা।জানা গিয়েছে,কয়েক মাস আগেই কলকাতার বিভিন্ন প্রান্তে গোপনে প্রোমোর শুটিং সম্পন্ন হয়েছিল।এতটাই গোপনীয়তার সঙ্গে কাজটি করা হয়েছিল যে,শেষ মুহূর্ত পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে আসেনি।সিনেমা ও রাজনীতিতে একাধিক চ্যালেঞ্জ সফলভাবে সামলানোর পর এবার ছোটপর্দার এই জনপ্রিয় শোয়ের দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন তিনি।
নতুন এই যাত্রা শুরুর আগে নিজের মনের অনুভূতির কথাও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দেব। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছিলেন,তিনি যেমন কিছুটা নার্ভাস,তেমনই ভীষণ উত্তেজিতও।কারণ এক দশকেরও বেশি সময় ধরে’দাদাগিরি’র পরিচিত মুখ ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়,তাই তুলনা হওয়াটা স্বাভাবিক বলেই মনে করছেন অনেকেই।প্রোমোতেও দেবকে বলতে শোনা যায়, **’কোথায় দাদা আর কোথায় আমি…’**।সেই সময় যিশু সেনগুপ্ত ও আবির চট্টোপাধ্যায়ের উৎসাহ এবং সমর্থনই তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছিল।এখন সব জল্পনার অবসান ঘটিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় নতুন’দাদা’।গুগলি,মজার প্রশ্ন,প্রতিযোগীদের সঙ্গে খুনসুটি এবং নিজের স্বতন্ত্র উপস্থাপনার মাধ্যমে তিনি কতটা নতুনত্ব আনতে পারেন,সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন অসংখ্য অনুরাগী।