বলিউডের‘খিলাড়ি’ অক্ষয় কুমার আবারও খবরের শিরোনামে।তবে এবার কোনও অ্যাকশন দৃশ্য,বক্স অফিস সাফল্য বা ছবির প্রচার নয়,বরং তাঁর অসাধারণ কর্মনিষ্ঠাই তাঁকে এনে দিয়েছে নতুন প্রশংসা।আসন্ন Welcome to the Jungle ছবিতে প্রথমবার ভোজপুরী অভিনেত্রী ও গায়িকা অক্ষরা সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অক্ষয়কে।সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষরা এমন এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন,যা শুনে অনেকেই অবাক হয়েছেন।তাঁর দাবি, ছবির একটি গানের শুটিংয়ের সময় অক্ষয়ের শরীরের তাপমাত্রা ১০৩ থেকে ১০৪ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু এতটা অসুস্থ থাকার পরও তিনি শুটিং বাতিল করেননি কিংবা কাজের গতি কমাননি।বরং সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে নির্ধারিত শুটিং শেষ করেন।
অক্ষরা জানান,অক্ষয়ের এই মনোভাব তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে।তাঁর মতে,একজন শিল্পী নিজের কাজকে কতটা গুরুত্ব দিলে এমন শারীরিক অবস্থাতেও ক্যামেরার সামনে দাঁড়িয়ে একই উদ্যমে পারফর্ম করতে পারেন,তার বড় উদাহরণ অক্ষয় কুমার।সবচেয়ে বিস্ময়ের বিষয়,শুটিং চলাকালীন কোথাও তাঁকে দুর্বল বা ক্লান্ত দেখায়নি। অক্ষরার কথায়,পুরো সময়জুড়ে তিনি অত্যন্ত স্বাভাবিক ছিলেন এবং সেটে উপস্থিত সকলের সঙ্গে আগের মতোই কাজ করেছেন।অভিনেত্রী আরও জানান,ছবির গানে কাজের প্রস্তাব প্রথমে পেয়ে তিনি কিছুটা দ্বিধায় ছিলেন। পরে কোরিওগ্রাফার গণেশ আচার্যের সঙ্গে আলোচনা করার পর রাজি হন।কিন্তু যখন জানতে পারেন যে তাঁর সহ-শিল্পী অক্ষয় কুমার,তখন উত্তেজনা ও আনন্দে তিনি যেন কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন।
আহমেদ খানের পরিচালনায় নির্মিত Welcome to the Jungle জনপ্রিয় Welcome ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি। ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি রয়েছেন সুনীল শেট্টি, পরেশ রাওয়াল,জ্যাকলিন ফার্নান্দেজ,দিশা পাটানি, আরশাদ ওয়ার্সি,জ্যাকি শ্রফ,রবিনা ট্যান্ডন এবং লারা দত্ত-সহ একঝাঁক জনপ্রিয় তারকা।কমেডি,অ্যাকশন ও তারকাখচিত কাস্টের কারণে ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ইতিমধ্যেই তুঙ্গে।আর মুক্তির আগেই অক্ষয়ের এই পরিশ্রম ও দায়িত্ববোধের গল্প নতুন করে প্রমাণ করে দিল, দীর্ঘ তিন দশকেরও বেশি ক্যারিয়ারের পরও কাজের প্রতি তাঁর ভালোবাসা এবং নিষ্ঠা একটুও কমেনি।