বক্স অফিসে ধীরে শুরু হলেও এখন দুর্দান্ত ছন্দে রয়েছে ইমতিয়াজ আলি পরিচালিত‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’। বড় বাজেটের‘ককটেল ২’ এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর সঙ্গে প্রতিযোগিতা চললেও তৃতীয় সপ্তাহেও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে ছবিটি।দিলজিৎ দোসাঞ্জ, নাসিরুদ্দিন শাহ,বেদাং রায়না ও শারভরী অভিনীত এই সিনেমা মুক্তির ১৭তম দিনে,অর্থাৎ তৃতীয় রবিবারে ৪ কোটি ৫০ লক্ষ টাকা আয় করেছে।তৃতীয় শুক্রবারে ২ কোটি ৭৫ লক্ষ এবং শনিবারে ৪ কোটি ২৫ লক্ষ টাকা সংগ্রহের পর তৃতীয় সপ্তাহান্তে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১১ কোটি ৫০ লক্ষ টাকা।একই সময়ে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ প্রথম সপ্তাহান্তেই ৬৩ কোটি ৭৫ লক্ষ টাকা আয় করলেও ছোট পরিসরের এই ছবি নিজের অবস্থান ধরে রাখতে সফল হয়েছে।
শুরুর দিকে ছবিটির ব্যবসা খুব একটা ভালো ছিল না। প্রথম সপ্তাহান্তে মাত্র ৫ কোটি ৫০ লক্ষ এবং প্রথম সপ্তাহ শেষে ১২ কোটি ১৫ লক্ষ টাকা আয় করেছিল এটি।তবে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার জেরে দ্বিতীয় সপ্তাহে ছবিটির আয়ে বড় উত্থান দেখা যায়।বর্তমানে ১৭ দিন শেষে ভারতে ছবিটির নেট আয় ৪৬ কোটি ৩০ লক্ষ টাকা এবং গ্রস আয় ৫৫ কোটি ২৩ লক্ষ টাকা।বিদেশ থেকে এসেছে আরও ১৫ কোটি ৬৫ লক্ষ টাকা।ফলে বিশ্বব্যাপী মোট সংগ্রহ পৌঁছেছে ৭০ কোটি ৮৮ লক্ষ টাকায়।
**এই সাফল্যের সুবাদে‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ইতিমধ্যেই ইমতিয়াজ আলির‘হাইওয়ে’,‘জব উই মেট’ এবং‘লাভ আজ কাল’(২০২০)-এর ভারতীয় বক্স অফিস সংগ্রহকে ছাড়িয়ে গেছে।এবার ছবিটির লক্ষ্য‘জব হ্যারি মেট সেজাল’-এর ৬২ কোটির রেকর্ড স্পর্শ করা। পাশাপাশি এ বছরের‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’, ‘চাঁদ মেরা দিল’,‘ইক্কিস’,‘পেড্ডি’-র হিন্দি সংস্করণ এবং‘দ্য রাজা সাব’-এর হিন্দি সংস্করণকেও আয়ের নিরিখে পিছনে ফেলেছে ছবিটি।তবে ৩ জুলাই ‘আলফা’ মুক্তির আগে হাতে থাকা কয়েকটি দিনই ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’-র জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে।