24 Parganas Zilla Parishad office
দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসে ভয়াবহ আগুন। আলিপুর কোর্টের পাশেই আটতলা এই ভবন। বুধবার সকালে এই ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ভবন। সবকটি তলা এই মুহূর্তে আগুন ও ধোঁয়ায় ঢেকে গিয়েছে। প্রাথমিক অনুমান, এসি থেকেই এই আগুন লাগে। এখনও অবধি ভিতরে কেউ আটকে থাকার খবর নেই। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ১০টি ইঞ্জিন আনা হয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে। আলিপুর কোর্ট লাগোয়া এই জেলা পরিষদের অফিস। এ দিন সকাল পৌনে ১০টা নাগাদ চার তলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তে উপরের সবকটি তলাতেই আগুন ছড়াতে শুরু করে। পাশেই রয়েছে রেজিস্ট্রার অফিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অফিস। দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অফিস হওয়ায় গুরুত্বপূর্ণ সব নথিপত্র এখানেই রয়েছে। আগুন ও ধোঁয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে দমকল কর্মীদের। রিলে সিস্টেমে কাজ করছেন তাঁরা। রয়েছে ব্রিদিং মেশিন, অক্সিজেন সিলিন্ডার।
বড় গাছ রয়েছে এই অফিসের সামনে। অল্প পরিসর। ফলে বাইরে থেকে ল্যাডারের মাধ্যমে কাজ করতে সমস্যা হয় দমকলকর্মীদের। হোস পাইপ দিয়ে নীচ থেকে জল দেওয়ার চেষ্টা করেন তাঁরা। পাশাপাশি সাব রেজিস্ট্রার অফিসের ছাদ থেকে হোস পাইপের মাধ্যমেও জল দেওয়া হয়। যদিও সাব রেজিস্ট্রার অফিস দোতলা। ফলে হোস পাইপ দিয়ে আট তলা অবধি জল দেওয়ায় প্রতিকূলতা থেকেই যায়।আগুনের তীব্রতা ও তাপে ইতিমধ্যেই ভবনের উপর থেকে এসির বাইরের অংশ ভেঙে পড়ে। ভাঙে জানলার কাচ। ভিতরে একের পরে এক উইন্ডো এসি ব্লাস্ট হয়। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অফিস। দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অফিস হওয়ায় গুরুত্বপূর্ণ সব নথিপত্র এখানেই রয়েছে। সেগুলির ক্ষতি হওয়ার সম্ভাবনাও প্রবল। আগুন ও ধোঁয়ার কারণে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। যদিও তার মধ্যেই সিঁড়ি দিয়ে উপরে উঠে কাজ করেন দমকলকর্মীরা। আনা হয় ব্রিদিং মেশিন, অক্সিজেন সিলিন্ডার। টপ ফ্লোরে এক কর্মী আটকে পড়েন। যদিও তাঁকে উদ্ধার করে নিরাপদে নামিয়ে আনা হয়।