টলিউডে স্বজনপোষণ বা নেপোটিজম নিয়ে বিতর্ক নতুন নয় দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে তারকা-সন্তানদের তুলনায় বহিরাগত শিল্পীদের সুযোগ পাওয়া এবং নিজেদের জায়গা তৈরি করার লড়াই নিয়ে নানা আলোচনা হয়েছে।এবার সেই বিতর্কে নতুন করে আগুন জ্বালালেন অভিনেতা যুধাজিৎ সরকার।সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি স্টার কিডদের প্রাপ্ত সুযোগ-সুবিধা এবং আউটসাইডারদের কঠিন সংগ্রামের মধ্যে তীব্র বৈষম্যের অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।অনেকেই তাঁর বক্তব্যকে বাস্তবসম্মত বলে সমর্থন জানিয়েছেন,আবার কেউ কেউ এই মন্তব্যকে ঘিরে নতুন বিতর্কেরও সূচনা হয়েছে বলে মনে করছেন।
নিজের পোস্টে যুধাজিৎ সরকারের দাবি,নেপোটিজমের সবচেয়ে বড় সুবিধা হল,তারকা-সন্তানদের নিজের যোগ্যতা প্রমাণের জন্য সবসময় অতিরিক্ত পরিশ্রম করতে হয় না। তাঁর কথায়,তাঁদের হয়ে প্রচারের দায়িত্ব সামলে নেয় পিআর টিম,ফলে কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রেও অনেক দরজা সহজেই খুলে যায়।পরিচালকরা তাঁদের অতীত কাজের হিসাব জানতে চান না,বরং প্রযোজকেরা তাঁদের পরিবারের খোঁজখবর নেন এবং বিশেষ গুরুত্ব দেন।অভিনেতার মতে, ইন্ডাস্ট্রিতে পরিচিত পরিবারের সদস্য হওয়ায় অনেক সুযোগ এমনিতেই সামনে চলে আসে,যা একজন নতুন বা বহিরাগত শিল্পীর ক্ষেত্রে কল্পনাও করা কঠিন।এই বৈষম্যই ইন্ডাস্ট্রির বাস্তব চিত্রকে আরও স্পষ্ট করে তোলে বলে তাঁর দাবি।
পোস্টের শেষ অংশে যুধাজিৎ সরকার আউটসাইডারদের কঠিন বাস্তবের কথাও তুলে ধরেছেন।তাঁর মতে, বহিরাগতদের প্রতিদিন নিজের দক্ষতা প্রমাণ করে টিকে থাকতে হয়,কারণ তাঁদের জন্য কোনও নিরাপদ জায়গা বা বিশেষ সুবিধা অপেক্ষা করে থাকে না।অন্যদিকে,স্টার কিডদের অনেকেই দীর্ঘ সময় কাজ না করেও নিজেদের অবস্থান ধরে রাখতে পারেন।অভিনেতার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর টলিউডে নেপোটিজম প্রসঙ্গ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।তাঁর পোস্টে অসংখ্য নেটিজেন সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন,আবার অনেকেই মনে করছেন,ইন্ডাস্ট্রিতে সমান সুযোগ নিশ্চিত করতে এই ধরনের আলোচনা অত্যন্ত জরুরি।ফলে যুধাজিৎ সরকারের এই বক্তব্য ঘিরে টলিউডে স্বজনপোষণ বিতর্ক আরও একবার নতুন মাত্রা পেল।