২০২৬ ফিফা বিশ্বকাপের উন্মাদনায় যখন গোটা ফুটবল বিশ্ব মেতে,ঠিক সেই সময় অভিনব প্রচার কৌশল নিয়ে চমক দিল সনি পিকচার্স।আসন্ন ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির প্রচারে প্রকাশ করা হয়েছে একটি বিশেষ ভিডিও,যেখানে একই ফ্রেমে দেখা গেল ফুটবল মহাতারকা লিওনেল মেসি এবং স্পাইডারম্যান তথা টম হল্যান্ডকে।ভিডিওর শুরুতে নিউ ইয়র্কের একটি ছোট্ট কফিশপে ফোনে ব্যস্ত পিটার পার্কার।ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢোকেন মেসি।তাঁকে সামনে দেখে পিটার এতটাই অবাক হয়ে যান যে,ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে সঙ্গে সঙ্গে চুপ করতে বলেন।অন্যদিকে ক্যাফের মালিকের স্বাভাবিক ও নির্বিকার আচরণ পুরো দৃশ্যটিকে আরও মজাদার করে তোলে,যেন মেসির মতো বিশ্বতারকার সেখানে আসা খুবই স্বাভাবিক ঘটনা।
এরপর ভিডিওর গল্প আরও জমে ওঠে।পিটার বিস্ময়ের সঙ্গে মেসির নাম উচ্চারণ করতেই আর্জেন্টাইন অধিনায়ক নিজের ফোন দেখিয়ে বোঝান,তিনি আসলে স্পাইডারম্যানের সঙ্গেই দেখা করতে এসেছেন।মুহূর্তের মধ্যেই পিটার আড়ালে গিয়ে স্পাইডারম্যানের পোশাকে ফিরে আসেন।দু’জনের হাস্যরসপূর্ণ কথোপকথনের পর শুরু হয় ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশ। স্পাইডারম্যানের জালে ভর করে ম্যানহাটনের আকাশে উড়ে বেড়ান মেসি।ফুটবল মাঠে ড্রিবলিংয়ের জাদু দেখানো এই তারকাকে এবার দেখা যায় সম্পূর্ণ অন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করতে।আকাশে উড়তে উড়তে তাঁর হাসি,বিস্ময় আর উচ্ছ্বাস ভিডিওটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।ফুটবলের বাইরের এই নতুন অবতারে মেসিকে দেখে ভক্তরাও দারুণ উচ্ছ্বসিত।
বিশ্বকাপের আবহে সনির এই প্রচার কৌশলকে ইতিমধ্যেই ‘মার্কেটিংয়ের মাস্টারস্ট্রোক’ বলে প্রশংসা করছেন বিশেষজ্ঞরা।ভিডিওটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।কেউ বলছেন, স্পাইডারম্যানের সঙ্গে আকাশে ওড়ার সুযোগ পেয়ে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন মেসি,আবার অনেকে মনে করছেন,বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে একই ফ্রেমে অভিনয় করতে পেরে টম হল্যান্ডই বেশি উচ্ছ্বসিত। মতভেদ থাকলেও একটি বিষয়ে সবাই একমত—ফুটবল ও হলিউডের এই অভাবনীয় মিলন দর্শকদের মন জয় করেছে।বিশ্বকাপের উন্মাদনার মাঝে সনি পিকচার্সের এই ব্যতিক্রমী প্রচার এখন ইন্টারনেটের অন্যতম আলোচিত ও ভাইরাল বিনোদন কনটেন্টে পরিণত হয়েছে।