ভারতীয় সঙ্গীতজগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক।তাঁর গাওয়া অসংখ্য গান নব্বইয়ের দশক থেকে আজ পর্যন্ত কোটি কোটি মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।‘অ্যায় মেরে হামসফর’, ‘চুরা কে দিল মেরা’,‘তাল সে তাল মিলা’কিংবা ‘অগর তুম সাথ হো’— একের পর এক সুপারহিট গানের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউডের ইতিহাসে অন্যতম সফল গায়িকা হিসেবে।কিন্তু যিনি বছরের পর বছর নিজের কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন,আজ সেই শিল্পীকেই লড়াই করতে হচ্ছে এক বিরল শারীরিক সমস্যার সঙ্গে।সম্প্রতি পদ্মভূষণ সম্মান গ্রহণের অনুষ্ঠানে তাঁর উপস্থিতি যেমন ভক্তদের আনন্দ দিয়েছে,তেমনই তাঁর শারীরিক অবস্থা দেখে অনেকের মনও ভারাক্রান্ত হয়েছে।
দীর্ঘ প্রায় দু’বছর জনজীবন ও আলোচনার কেন্দ্রবিন্দু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন অলকা।২০২৪ সালে তিনি প্রকাশ্যে জানান যে সেনসোরিনিউরাল নার্ভ হিয়ারিং লস নামের এক বিরল শ্রবণজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন।এই রোগের কারণে তাঁর শ্রবণক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,যা একজন পেশাদার গায়িকার জন্য অত্যন্ত কঠিন বাস্তবতা।অসুস্থতার কারণে তাঁকে গান গাওয়া থেকেও বিরতি নিতে হয়েছে।তাঁর কণ্ঠ শেষবার শোনা গিয়েছিল ‘অমর সিং চমকিলা’ ছবির ‘নরম কালজা’গানে।এরপর সামাজিক মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি ভক্তদের কাছে প্রার্থনা ও শুভকামনা চেয়েছিলেন।
সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করেন অলকা ইয়াগনিক।অনুষ্ঠানের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।সেখানে দেখা যায়,মঞ্চে ওঠার সময় এক মহিলা তাঁকে সহায়তা করছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রণাম জানিয়ে তিনি রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করেন।এই দৃশ্য অনেক অনুরাগীকেই আবেগপ্রবণ করে তোলে।পরে এক বার্তায় অলকা জানান,গত দু’বছর তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়গুলির মধ্যে একটি ছিল।যদিও তিনি ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন,তবুও সংগ্রাম এখনও চলমান। তাঁর কথায়,পদ্মভূষণ শুধু একটি রাষ্ট্রীয় সম্মান নয়,বরং সেই অগণিত মানুষের ভালোবাসা ও আশীর্বাদের প্রতীক, যারা তাঁর জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে শক্তি জুগিয়েছেন।