বলিউড অভিনেতা সুনীল শেট্টি বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসার কথা অকপটে জানিয়ে এসেছেন।তবে এবার তিনি এমন এক ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন,যা শুনে অনেকেই বিস্মিত হয়েছেন।সম্প্রতি একটি জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে অভিনেতা জানান,তাঁর মাত্র ১৫ মাসের নাতনি ইভারা নাকি ছোটবেলা থেকেই মোদীর ছবির প্রতি এক বিশেষ আকর্ষণ অনুভব করে।ইভারা হলেন অভিনেত্রী অথিয়া শেট্টি ও ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের কন্যা।২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর গত বছরের মার্চ মাসে তাঁদের সংসারে আসে এই কন্যাসন্তান। নাতনির জন্মের পর থেকেই জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটছে বলে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন সুনীল। তাঁর কথায়,ইভারার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই তাঁর কাছে ভীষণ মূল্যবান।
পডকাস্টে সুনীল জানান,ইভারাকে কখনও কেউ ইচ্ছাকৃতভাবে নরেন্দ্র মোদীর নাম শেখায়নি।কিন্তু একদিন বিমানবন্দরে তাঁর ন্যানি ইভারাকে মোদীর একটি ছবি দেখানোর পর থেকেই শিশুটির মধ্যে এই আগ্রহ তৈরি হয়। বর্তমানে সে প্রায় প্রতিদিন একটি সাইবাবার বই হাতে নিয়ে ঘোরে,যার ভেতরে মোদীর একটি ছবি রয়েছে।বইটি খুলে সে বারবার‘মোদীজি, মোদীজি’ বলতে থাকে।শুধু তাই নয়, বাড়িতে থাকা গণেশের মূর্তির সামনে রাখা লাড্ডু থেকে মিছিমিছি তুলে এনে মোদীর ছবির সামনে নিবেদন করারও অভিনয় করে।সুনীলের দাবি,এসব আচরণ সম্পূর্ণই ইভারার নিজস্ব। পরিবারের কেউ তাকে এমন কিছু শেখায়নি বা করতে বলেনি। শিশুটির এই স্বতঃস্ফূর্ত আচরণ তাঁদের পরিবারের কাছেও বেশ মজার এবং বিস্ময়ের বিষয় হয়ে উঠেছে।
একই আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে নিজের অনুভূতির কথাও খোলাখুলি জানান সুনীল শেট্টি। তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শের কারণে নয়, বরং একজন ব্যক্তি হিসেবে মোদীকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন। তাঁর মতে, দেশের প্রতি নিজের যে ভালোবাসা, সেই আবেগ থেকেই প্রধানমন্ত্রীর প্রতি তাঁর সম্মান তৈরি হয়েছে। এর আগেও নাতনির জন্ম নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন অভিনেতা। তিনি জানিয়েছিলেন, মেয়ে অথিয়া সিজারিয়ানের পরিবর্তে স্বাভাবিক প্রসবের পথ বেছে নিয়েছিলেন এবং সমস্ত প্রসবযন্ত্রণা সহ্য করেই সন্তানের জন্ম দিয়েছিলেন। যদিও সেই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে তাঁকে নানা সমালোচনার মুখেও পড়তে হয়েছিল।