দক্ষিণ ভারতীয় ছবির হিন্দি ডাব সংস্করণের জনপ্রিয়তা যে এখন নতুন উচ্চতায় পৌঁছেছে,তারই সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠেছে‘জয়া জানকী নায়কা’-র হিন্দি ডাব সংস্করণ ‘খুনখার’।২০১৭ সালে মুক্তি পাওয়া এই তেলুগু ছবিটি প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাফল্য না পেলেও ইউটিউবে গড়ে ফেলেছে অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পেন মুভিজের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়ার পর ধীরে ধীরে ছবিটির জনপ্রিয়তা বাড়তে থাকে।অবশেষে এটি ১ বিলিয়ন বা ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে বলে দাবি করা হচ্ছে।এই সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক বোয়াপাতি শ্রীনু সোশ্যাল মিডিয়ায় দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন,এই অর্জন সম্পূর্ণ তাঁদের ভালোবাসা ও সমর্থনের ফল। বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস এবং রাকুল প্রীত সিং অভিনীত ছবিটি এখন ডিজিটাল দুনিয়ায় নতুন ইতিহাসের অংশ।
সবচেয়ে অবাক করার বিষয়,যে ছবিটি আজ ইউটিউবে বিশ্বরেকর্ড গড়েছে,সেটিই মুক্তির সময় বক্স অফিসে বড়সড় ব্যর্থতার মুখ দেখেছিল।প্রায় ৪০ কোটি টাকা বাজেটে নির্মিত এই অ্যাকশন-ড্রামা বিশ্বজুড়ে আয় করেছিল মাত্র ২০ কোটি টাকার কাছাকাছি।নেতিবাচক সমালোচনা এবং দুর্বল বক্স অফিস পারফরম্যান্সের কারণে প্রযোজক ও পরিবেশকদের বড় অঙ্কের লোকসানও গুনতে হয়েছিল।কিন্তু ইউটিউবে হিন্দি ডাব সংস্করণ মুক্তির পর ছবির ভাগ্য পুরোপুরি বদলে যায়। দুর্দান্ত অ্যাকশন,পারিবারিক আবেগ এবং নায়ক-নায়িকার রসায়ন দর্শকদের আকৃষ্ট করে।ফলে একসময় প্রেক্ষাগৃহে ব্যর্থ হওয়া ছবিটিই ধীরে ধীরে কোটি কোটি দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেয়।
এই রেকর্ড ঘিরে আরও একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে।অনেকের মতে,অল্লু অর্জুন অভিনীত ‘সাররাইনডু’-র হিন্দি ডাব সংস্করণই প্রথম ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়তে পারত।কিন্তু আইনি ও প্রযুক্তিগত কারণে সেই ভিডিওটি সরিয়ে নতুন করে আপলোড করতে হওয়ায় আগের ভিউগুলো হারিয়ে যায়।আর সেই সুযোগেই ইতিহাস গড়ে ‘খুনখার’।একসময় বক্স অফিসে সুপারফ্লপ হলেও ডিজিটাল প্ল্যাটফর্মে এই ছবির অভাবনীয় সাফল্য প্রমাণ করে দিয়েছে,ভালো বিনোদন পেলে দর্শক সময়ের ব্যবধানে হলেও সেটিকে আপন করে নেন।এই ১০০ কোটি ভিউয়ের রেকর্ড নিঃসন্দেহে ভারতীয় সিনেমার ডিজিটাল যাত্রায় এক স্মরণীয় অধ্যায়।