জনপ্রিয় বাংলা ধারাবাহিক‘শুধু তোমারই জন্য’-এ হঠাৎ বড় পরিবর্তন ঘিরে দর্শকমহলে শুরু হয়েছে জোর চর্চা। দীর্ঘদিন ধরে‘রাহুল’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেতা শুভ্রজিৎ সাহা।তবে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে ধারাবাহিকটি ছাড়তে হয়েছে। তাঁর জায়গায় এখন দেখা যাচ্ছে অভিনেতা সায়ন বসুকে।সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতেই প্রথমবার নতুন রাহুলের ঝলক সামনে আসে।আর তারপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া।বহু দর্শক জানিয়েছেন,শুভ্রজিৎকে ছাড়া রাহুল চরিত্রটিকে কল্পনা করাই তাঁদের পক্ষে কঠিন।কেউ কেউ আবার সরাসরি পুরনো অভিনেতাকে ফিরিয়ে আনার দাবিও তুলেছেন। নতুন প্রোমোর কমেন্ট বক্সে ক্ষোভ,হতাশা এবং আবেগের মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়েছে।
এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন নতুন রাহুল সায়ন বসু। তিনি মনে করেন,দর্শকদের এই প্রতিক্রিয়াকে ট্রোলিং হিসেবে দেখার কোনও কারণ নেই।তাঁর মতে,একটি চরিত্রে দীর্ঘদিন ধরে একজন অভিনেতাকে দেখতে দেখতে দর্শকদের মনে সেই মুখটাই স্থায়ী হয়ে যায়।ফলে হঠাৎ করে অন্য কাউকে সেই জায়গায় দেখা গেলে প্রথমে অস্বস্তি হওয়া স্বাভাবিক।সায়নের কথায়,দর্শকদের এই প্রতিক্রিয়ার পিছনে রয়েছে চরিত্রটির প্রতি তাঁদের ভালোবাসা এবং আবেগ।তিনি আরও বলেন,তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে,সেটি যথাসাধ্য নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করাই তাঁর লক্ষ্য।সময়ের সঙ্গে সঙ্গে দর্শকরা নতুন রূপের রাহুলকেও আপন করে নেবেন বলেই তাঁর বিশ্বাস। তাই তিনি সমালোচনাকে নেতিবাচকভাবে না দেখে ধৈর্য ধরে নিজের কাজ করে যেতে চান।
অন্যদিকে শুভ্রজিৎ সাহাও অনুরাগীদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন।তিনি সকলকে মনে করিয়ে দিয়েছেন,একটি ধারাবাহিক শুধু একজন অভিনেতাকে ঘিরে তৈরি হয় না;এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য মানুষের পরিশ্রম,স্বপ্ন এবং জীবিকা।তাই তাঁর অনুপস্থিতির কারণে যেন কেউ শো-টিকে বয়কট না করেন,সেই অনুরোধ করেছেন তিনি।একই সঙ্গে নতুন অভিনেতা সায়নকে কটাক্ষ বা ট্রোল না করে তাঁকে সময় ও সুযোগ দেওয়ার আবেদনও জানান।শুভ্রজিৎ আরও আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে নতুন কোনও চরিত্র কিংবা নতুন গল্প নিয়ে তিনি আবার দর্শকদের সামনে ফিরবেন।আপাতত তিনি সকলের কাছে ইতিবাচক থাকার এবং শিল্পীদের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।