দানবাক্সে ভক্তদের কোটি কোটি টাকা, হঠাৎ উধাও! অবশেষে মুখ খুললেন যোগী
অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিতর্কের মধ্যেই প্রথমবার মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার এক সরকারি অনুষ্ঠানে তিনি জানান, ঘটনার তদন্তে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে এবং তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অযোধ্যার রুডৌলি বিধানসভা কেন্দ্রে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ রামভক্তদের উদ্দেশে ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছি। ট্রাস্টের অনুরোধেই SIT গঠন করা হয়েছে। প্রকৃত সত্য সামনে আসবেই। রামভক্তদের কাছে আমার আবেদন, ৫০০ বছর অপেক্ষা করেছেন, আরও ১৫ দিন অপেক্ষা করুন।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনও গুজব বা প্ররোচনায় পা দেওয়া উচিত নয়। কারও কাছে যদি কোনও তথ্য থাকে, তাহলে তা তদন্তকারী দলের হাতে তুলে দেওয়ার আবেদনও জানান তিনি। একইসঙ্গে নাম না করে বিরোধীদের নিশানা করে যোগী দাবি করেন, কিছু মানুষ অযোধ্যা ও রাম মন্দিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।
প্রসঙ্গত, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রথম এই অভিযোগ প্রকাশ্যে আনেন। তিনি দাবি করেন, রাম মন্দিরে ভক্তদের দান করা বিপুল পরিমাণ অর্থ গায়েব হয়ে গিয়েছে এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। পাশাপাশি আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবিও তোলেন তিনি।
প্রথমদিকে মন্দির ট্রাস্ট এই অভিযোগ অস্বীকার করলেও পরে অভ্যন্তরীণ তদন্তে কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য সামনে আসে। এরপর ট্রাস্টের পক্ষ থেকেই রাজ্য সরকারের কাছে SIT গঠনের আবেদন জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতেই উচ্চস্তরের তদন্তকারী দল গঠন করা হয়েছে।
ইতিমধ্যে মন্দিরের দুই কর্মচারীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক সূত্রের খবর, তাঁদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নগদ এবং সোনার গয়না উদ্ধার হয়েছে। এই ঘটনায় কারা জড়িত এবং দানের অর্থ কীভাবে আত্মসাৎ করা হয়েছে, তা জানতেই এখন তদন্তে জোর দিচ্ছে SIT। গোটা দেশের রামভক্তদের নজর এখন এই তদন্তের ফলাফলের দিকে।