প্রায় দুই দশক পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছে বলিউডের জনপ্রিয় চরিত্র শিবম পণ্ডিত।২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত আওয়ারাপান ছবিতে ইমরান হাশমির অভিনীত এই চরিত্রটি দর্শকদের মনে আজও বিশেষ জায়গা করে রয়েছে।সময়ের সঙ্গে সঙ্গে ছবিটি কাল্ট মর্যাদা পেয়েছে,আর এর গল্প,আবেগ ও গান এখনও দর্শকদের মনে সমানভাবে জায়গা ধরে রেখেছে।দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার পর সেই জনপ্রিয় গল্পের নতুন অধ্যায় নিয়ে আসছে ‘আওয়ারাপান ২’।প্রযোজক বিশেষ ভাট ধাপে ধাপে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছেন।প্রথমে ছবির লোগো প্রকাশ করা হয়,তারপর আসে সঙ্গীতের ঝলক।এবার প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষিত টিজার,যেখানে আবারও শিবম পণ্ডিতের চরিত্রে দেখা মিলেছে ইমরান হাশমির।টিজার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে এবং অনুরাগীদের মধ্যে নস্টালজিয়ার আবহ তৈরি হয়েছে।
প্রকাশিত টিজারে শিবম পণ্ডিতকে দেখা যায় এক গভীর আবেগময় ও রহস্যঘেরা পরিবেশে।অতীতের স্মৃতি, একাকিত্ব,অপরাধবোধ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতে দেখা যায় তাঁকে।তাঁর কণ্ঠে শোনা যায় আবেগঘন সংলাপ,যা মুহূর্তের মধ্যেই দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় প্রথম ছবির স্মৃতিতে।টিজারের প্রতিটি দৃশ্যে রহস্য,আবেগ এবং সাসপেন্সের ছাপ স্পষ্ট।শেষের সংলাপ নতুন গল্পের ইঙ্গিত দিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।অনেকেরই বিশ্বাস,প্রথম ছবির আবেগ অটুট রেখেই এবার নতুন গল্প বলতে চলেছেন নির্মাতারা।তাই টিজার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে প্রত্যাশা কয়েক গুণ বেড়ে গিয়েছে।
ছবিটির আরেকটি বড় আকর্ষণ হতে চলেছে এর সঙ্গীত। আওয়ারাপান-এর জনপ্রিয় গান ‘তো ফির আও’-এর নতুন সংস্করণও থাকছে এই ছবিতে।মিঠুনের সুর এবং সয়ীদ কাদরির কথায় গানটিকে নতুনভাবে সাজানো হলেও পুরনো আবেগ বজায় রাখার চেষ্টা করা হয়েছে।ইমরান হাশমির পাশাপাশি ছবিতে অভিনয় করছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুরেন্দর ভিকি,বিজয়ন্ত কোহলি এবং অতুল কুমার।পরিচালনায় রয়েছেন নীতিন কক্কর,আর চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকি।সব মিলিয়ে ‘আওয়ারাপান ২’ শুধু একটি সিক্যুয়েল নয়,বরং বহু দর্শকের কাছে এটি এক আবেগঘন প্রত্যাবর্তন। টিজারের ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করে,মুক্তির আগেই ছবিটি ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে।