লর্ডসের ঐতিহাসিক মাঠে রবিবার ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিল একমাত্র লক্ষ্য।সেই গুরুত্বপূর্ণ লড়াইয়ে গ্যালারি থেকে ভারতীয় দলকে সমর্থন জানাতে হাজির ছিলেন ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।তাঁদের উপস্থিতি স্টেডিয়ামের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে।ম্যাচ চলাকালীন বারবার হাততালি,উচ্ছ্বাস এবং ভারতীয় দলের জন্য তাঁদের সমর্থনের দৃশ্য ক্যামেরাবন্দি হয়।খুব অল্প সময়ের মধ্যেই সেই মুহূর্তগুলির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।শুধু বিরাট-অনুষ্কাই নন,তাঁদের সঙ্গে গ্যালারিতে দেখা যায় ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী,প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান এবং সোফি শাইনকেও। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও তাঁদের একসঙ্গে তোলা ছবি প্রকাশ করে।
ভারতের জন্য ম্যাচটি ছিল কার্যত ‘ডু অর ডাই’। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলকে শুরু থেকে শেষ পর্যন্ত উৎসাহ দিতে দেখা যায় বিরাট ও অনুষ্কাকে।ম্যাচের বিভিন্ন সময়ে তাঁদের আবেগঘন প্রতিক্রিয়া দর্শকদেরও নজর কেড়েছে।অনুষ্কা এদিন নীল রঙের পোশাক,ক্যাপ ও ফ্ল্যাট জুতোয় ধরা দেন,অন্যদিকে বিরাটের বাদামি শার্ট ও সাদা প্যান্টের স্টাইলিশ লুকও অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে।ম্যাচ শেষে বিভিন্ন ফ্যান পেজে তাঁদের ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।স্টেডিয়ামে উপস্থিত এই তারকাদের ঘিরে আলাদা উন্মাদনা তৈরি হলেও,মাঠের লড়াইয়ে সেই সমর্থন জয়ে পরিণত করতে পারেনি ভারতীয় দল।
প্রথমে ব্যাট করে ভারত চার উইকেট হারিয়ে ১৭০ রানের লড়াকু সংগ্রহ গড়ে তোলে।তবে শক্তিশালী অস্ট্রেলিয়া লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিং প্রদর্শন করে এবং ছয় উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে।এই পরাজয়ের ফলে ভারতের মহিলা দলের বিশ্বকাপ অভিযান গ্রুপ পর্বেই শেষ হয়ে যায়।অন্যদিকে এই জয়ের সুবাদে অস্ট্রেলিয়া সেমিফাইনালে নিজেদের জায়গা পাকাপোক্ত করে।একই সঙ্গে শেষ চারে ওঠার টিকিট নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকাও।গ্যালারিতে বিরাট-অনুষ্কাসহ একাধিক তারকার উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দু হলেও,দিনের শেষে ভারতের বিদায়ই সবচেয়ে বড় হতাশার কারণ হয়ে দাঁড়ায়।