১২৮ বছর পর অলিম্পিকের আসরে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি করে দল অংশ নেবে।সেই টুর্নামেন্টে কারা খেলবে, তার যোগ্যতা অর্জনের নিয়ম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।নতুন নিয়ম অনুযায়ী,সদ্য সমাপ্ত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেও ভারতের মহিলা দল অলিম্পিকে খেলার টিকিট নিশ্চিত করেছে।কারণ,এশিয়ার দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ভারতই সবার ওপরে রয়েছে।এই নিয়মে প্রতিটি মহাদেশ থেকে একটি করে দেশ সরাসরি সুযোগ পাবে।সেই হিসেবে ভারত,অস্ট্রেলিয়া,গ্রেট ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রও একটি আসন পাবে,তবে ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫-এর মধ্যে থাকতে হবে।তা না হলে সেই সুযোগ চলে যাবে যোগ্যতা অর্জন না করা দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে থাকা দেশের কাছে।
তবে ভারতের পুরুষ দলের ক্ষেত্রে পরিস্থিতি এখনও পুরোপুরি পরিষ্কার নয়।আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ মহাদেশে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা চারটি দল সরাসরি অলিম্পিকে জায়গা করে নেবে।ফলে শ্রেয়স আইয়ারদের নেতৃত্বাধীন ভারতীয় দলকে বছরের শেষ পর্যন্ত এশিয়ার এক নম্বর স্থান ধরে রাখতে হবে।ভারত এখন শক্তিশালী অবস্থানে থাকলেও আনুষ্ঠানিকভাবে যোগ্যতা নিশ্চিত হতে এখনও অপেক্ষা করতে হবে। পুরুষদের ক্ষেত্রেও আয়োজক যুক্তরাষ্ট্রের জন্য একই শর্ত প্রযোজ্য।আর শেষ একটি দল নির্ধারিত হবে ২০২৭ সালে অনুষ্ঠিত চূড়ান্ত যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে।
**অন্যদিকে,ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে তৈরি হয়েছে বড় জটিলতা।আন্তর্জাতিক ক্রিকেটে এক দল হিসেবে খেললেও অলিম্পিকে ক্যারিবিয়ান দেশগুলো আলাদা অলিম্পিক কমিটির অধীনে থাকায় একসঙ্গে অংশ নিতে পারবে না।তাই তাদের নিজেদের মধ্যে বাছাই প্রতিযোগিতা আয়োজন করতে হবে এবং বিজয়ী দল চূড়ান্ত যোগ্যতা অর্জন পর্বে খেলবে।এদিকে,এশিয়া থেকে মাত্র একটি দল সরাসরি অলিম্পিকে সুযোগ পাবে।ফলে ভারত যদি সেই স্থান নিশ্চিত করে,তাহলে পাকিস্তান,বাংলাদেশ কিংবা অন্য কোনো এশীয় দেশের সরাসরি যোগ্যতা অর্জনের সম্ভাবনা অনেকটাই কমে যাবে।সব মিলিয়ে,২০২৮ সালের অলিম্পিক ক্রিকেটে জায়গা করে নেওয়ার লড়াই এখন থেকেই আরও কঠিন,প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং রোমাঞ্চকর হয়ে উঠেছে।