বলিউডে একের পর এক ঘটনাকে ঘিরে আবারও সরগরম বিনোদন জগৎ।সবচেয়ে বেশি চর্চায় রয়েছে বিতর্কিত ছবি **’কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’**। এই ছবি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অভিনেতা সোনু মিশ্র।তাঁর দাবি,ছবিটির মূল উদ্দেশ্য ছিল বলিউড সুপারস্টার সলমন খানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং রাজস্থানের সংস্কৃতিকে নেতিবাচকভাবে তুলে ধরা।সোনুর কথায়,তাঁকে ছবিতে সলমন খানের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।প্রথমে তিনি মনে করেছিলেন, বিষয়টি নিরপেক্ষ ও ইতিবাচকভাবে উপস্থাপন করা হবে। কিন্তু পরে ছবির প্রকৃত উদ্দেশ্য বুঝতে পেরে তিনি নির্মাতাদের সঙ্গে মতবিরোধে জড়ান এবং শেষ পর্যন্ত প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।তাঁর মতে,কোনও শিল্পীর সম্মানহানির উদ্দেশ্যে তৈরি কাজে তিনি অংশ নিতে চান না।
অন্যদিকে দীর্ঘদিন পর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান,বর্তমানে তিনি সিঙ্গেল এবং আপাতত নিজের জীবনকেই গুরুত্ব দিচ্ছেন।তবে ভবিষ্যতে নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। একই সঙ্গে তিনি স্মরণ করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর এবং ভাই শৌভিক চক্রবর্তীর জীবনে নেমে আসা কঠিন সময়ের কথা।রিয়ার দাবি,সেই সময়ের মানসিক আঘাত এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তাঁরা।তাঁর ভাষায়,কিছু ট্রমা এমন হয় যা শুধু মনের মধ্যেই নয়,শরীর ও জীবনের প্রতিটি স্তরেই দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এবং সহজে মুছে যায় না।
এদিকে পরিচালক রোহিত শেট্টিকে ঘিরে ফের উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।শনিবার তাঁর মুম্বই অফিসে একটি অজ্ঞাত পরিচয়ের ফোন আসে,যেখানে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।অভিযোগ,টাকা না দিলে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয়েছে।ঘটনার পরপরই রোহিত শেট্টির টিম মুম্বই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং তদন্ত শুরু হয়েছে।প্রাথমিকভাবে তদন্তকারীদের সন্দেহ,এই ঘটনার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকতে পারে।উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতেও রোহিত শেট্টির জুহুর বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল।সেই মামলায় একাধিক অভিযুক্ত গ্রেপ্তার হলেও নতুন করে পাওয়া এই হুমকি ফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।