অভিনেতা রাম কাপুর বর্তমানে নতুন রিয়্যালিটি শো ‘লকআপ’-এ অংশ নেওয়াকে কেন্দ্র করে আলোচনায় রয়েছেন,তবে শো শুরু হতেই তাঁর একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।সম্পর্ক ও বিবাহ নিয়ে কথা বলতে গিয়ে রাম বলেন,শুধুমাত্র প্রতারণার কারণে একটি বিয়ে ভেঙে দেওয়া উচিত নয়।তাঁর মতে,দীর্ঘ দাম্পত্যজীবনে কখনও কখনও মানুষ আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন।কিন্তু যদি দু’জনের মধ্যে সত্যিকারের ভালোবাসা,বিশ্বাস এবং সম্পর্ক বাঁচিয়ে রাখার ইচ্ছা থাকে,তাহলে সেই সম্পর্ককে আরেকটি সুযোগ দেওয়া উচিত।তাঁর কথায়,বিয়ে একটি দীর্ঘ পথচলা,যার যত্ন প্রতিদিন নিতে হয়।তাই একটি ভুলের জন্য বহু বছরের সম্পর্ক শেষ করে দেওয়া ঠিক নয়।তাঁর এই মন্তব্য শুনে সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা প্রশ্ন তোলেন,নিজের সঙ্গী প্রতারণা করলে তিনিও কি একইভাবে বিষয়টি মেনে নেবেন? উত্তরে রাম বলেন,প্রতিশোধ নয়,সম্পর্ককে নতুন করে গড়ে তোলার চেষ্টাই বেশি গুরুত্বপূর্ণ।
রাম কাপুর আরও বলেন,২০-২৫ বছরের দাম্পত্যজীবনে ভালো-মন্দ সময় আসাটাই স্বাভাবিক।সেই কঠিন সময়ে কেউ ভুল করে ফেললেও,শুধু সেই একটি ঘটনার জন্য পুরো সম্পর্ককে বিচার করা উচিত নয়।তাঁর মতে,যদি পরিবার,সন্তান এবং একে অপরের প্রতি ভালোবাসা অটুট থাকে,তাহলে সময়ের সঙ্গে সম্পর্ক আবারও স্বাভাবিক হতে পারে।যদিও অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা তাঁর এই মতের সঙ্গে একমত হননি।অন্যদিকে, কয়েক মাস আগে কাজল ও টুইঙ্কল খান্না প্রতারণা নিয়ে নিজেদের মত প্রকাশ করেছিলেন।তবে রাম কাপুরের স্ত্রী গৌতমী আগেই জানিয়েছিলেন,তাঁর কাছে যে কোনও ধরনের প্রতারণাই ভুল এবং তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
রাম কাপুরের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক।কেউ তাঁর বক্তব্যকে বাস্তব জীবনের সম্পর্কের জটিলতার প্রতিফলন বলে মনে করলেও,অনেকেই এর কড়া সমালোচনা করেছেন। নেটিজেনদের একাংশের মতে,প্রতারণাকে‘ভুলবশত’ বলে ব্যাখ্যা করা বিশ্বাসের গুরুত্বকে খাটো করে।আবার অনেকের দাবি,ভালোবাসার পাশাপাশি সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক সম্মান ও আস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে রাম কাপুরের মন্তব্যকে কেন্দ্র করে সম্পর্ক,ক্ষমা এবং দাম্পত্যের সীমারেখা নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে।