অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল রাজ্য সরকার। বর্তমানে গোটা রাজ্যে অফলাইন ও অনলাইন—দুই মাধ্যমেই জোরকদমে চলছে ফর্ম জমা দেওয়ার কাজ। ইতিমধ্যেই লক্ষাধিক উপভোক্তার অ্যাকাউন্টে প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে।
উত্তরকন্যায় এক সাংবাদিক বৈঠকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ফর্মের ঘাটতি যাতে না হয় সেদিকে সরকার বিশেষ নজর রাখছে। তিনি স্পষ্ট করে বলেন, একটি পরিবারের জন্য একটি ফর্মই যথেষ্ট। কারণ একই ফর্মে পরিবারের একাধিক মহিলার তথ্য ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দেওয়ার সুযোগ রয়েছে। ফলে শাশুড়ি, বউমা, মেয়ে বা অন্যান্য মহিলা সদস্যদের জন্য আলাদা আলাদা ফর্ম সংগ্রহ করার প্রয়োজন নেই।
ফর্মের বিভিন্ন তথ্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেই বিষয়েও আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, ফর্মে যতটা সম্ভব তথ্য পূরণ করতে হবে। কোনও তথ্য না থাকলে সংশ্লিষ্ট স্থানে ‘নট অ্যাপ্লিকেবল’ লিখে দিলেও আবেদন গ্রহণ করা হবে। ভবিষ্যতের বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য তথ্যভাণ্ডার তৈরির উদ্দেশ্যেই অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।
সরকারি সূত্রে জানা গিয়েছে, আবেদনকারীদের দেওয়া সমস্ত তথ্য যাচাইয়ের পরেই আর্থিক সুবিধা প্রদান করা হবে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সহায়তার কাজও চালানো হচ্ছে ।