বলিউডের‘কিং খান’ শাহরুখ খান সম্প্রতি নিজের শৈশবের শহর ম্যাঙ্গালুরু সফরে গিয়ে ভক্তদের সঙ্গে কাটালেন এক স্মরণীয় সময়।বহু বছর পর সেই শহরে ফিরে আবেগে ভেসে যান অভিনেতা।অনুষ্ঠানে তাঁর উপস্থিতি,সহজ-সরল ব্যবহার এবং চিরচেনা রসবোধে মুগ্ধ হন হাজারো অনুরাগী।সেই অনুষ্ঠানেরই একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল।সেখানে এক মহিলা ভক্ত প্রকাশ্যে বলেন,তিনি নিজের স্বামীর থেকেও বেশি ভালোবাসেন শাহরুখ খানকে।এমন মন্তব্য শুনে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।শাহরুখও নিজের স্বভাবসুলভ বুদ্ধিদীপ্ত ভঙ্গিতে হেসে বলেন,“এসব কথা তো আমাকে একান্তে বললেই পারতেন!” তাঁর এই রসিকতায় গোটা অনুষ্ঠানস্থল হাসিতে ফেটে পড়ে।মুহূর্তের মধ্যেই সেই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্তরা আবারও শাহরুখের রসবোধের প্রশংসায় পঞ্চমুখ হন।
তবে মজার উত্তর দিয়েই থেমে থাকেননি অভিনেতা।তিনি বলেন, একজন ভক্তের ভালোবাসা ও আবেগকে তিনি সবসময় সম্মান করেন।শাহরুখ জানান,তিনি বিশ্বাস করেন ওই মহিলার স্বামীও বিষয়টিকে ইতিবাচকভাবেই নেবেন, কারণ এটি নিছকই একজন অনুরাগীর ভালোবাসার বহিঃপ্রকাশ।এরপর তিনি বলেন,শুধু ওই ভক্ত নন,তাঁর স্বামী,পরিবার এবং অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক মানুষের প্রতিই তাঁর সমান ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।অভিনেতার এই বিনয়ী এবং হৃদয়স্পর্শী মন্তব্য আবারও প্রমাণ করে কেন তিন দশকেরও বেশি সময় ধরে তিনি কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন।তাঁর ব্যবহারই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।
এই সফরে শাহরুখ নিজের শৈশবের একটি বিরল ছবিও দর্শকদের সামনে তুলে ধরেন।একটি বালতির মধ্যে বসে থাকা ছোট্ট শাহরুখের সেই ছবিটিই নাকি তাঁর ছোটবেলার একমাত্র ছবি,যা ম্যাঙ্গালুরুতেই তোলা হয়েছিল।জীবনের প্রথম পাঁচ বছর এই শহরেই কাটিয়েছিলেন তিনি,তাই সেখানে ফিরে পুরনো স্মৃতি ভাগ করে নিতে পেরে তিনি আবেগাপ্লুত হন।উল্লেখ্য,সম্প্রতি বলিউডে তাঁর অভিনয়জীবনের ৩৪ বছর পূর্ণ হয়েছে।বর্তমানে তিনি ব্যস্ত বহুল প্রতীক্ষিত অ্যাকশন ছবি ‘কিং’-এর শুটিংয়ে।এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর মেয়ে সুহানা খানের।ছবিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন,অভিষেক বচ্চন,আরশাদ ওয়ারসি,রাঘব জুয়াল এবং জয়দীপ আহলাওয়াত।