Fake Police Arrested
নিজেকে হেমতাবাদ থানার আইসি (Fake Police Arrested) পরিচয় দিয়ে তোলাবাজি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শুভজিৎ বল্লভ, তার বাড়ি নদিয়া জেলার ধনতলা থানার জাফরনগর এলাকায়। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তরুণ বেশ কিছু দিন ধরে হেমতাবাদ থানার বিভিন্ন গ্রামে নিজেকে আইসি পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল। মূলত স্থানীয় বালি ও মাটি মাফিয়াদের ভয় দেখিয়ে টাকা আদায় করাই ছিল তার মূল লক্ষ্য। গোপন সূত্রে এই প্রতারণার খবর পৌঁছায় আসল হেমতাবাদ থানায়। এরপরই পুলিশ সক্রিয় হয়ে অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করে।
তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে পুলিশ একটি নকল আইসির পরিচয়পত্র, দুটি মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক সামগ্রী উদ্ধার করেছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১১৬(২), ৩১৮(৪) এবং ৩১৯(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ বিষয়ে সরকারি আইনজীবী অতনু দাস জানান, প্রতারণা ও জালিয়াতির মতো গুরুতর জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। হেমতাবাদ থানার বর্তমান আইসি সুজিত লামা জানান, “ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। মোবাইল ফোনের সূত্র ধরে এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না বা সে আর কোথাও এমন প্রতারণা করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।” এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।