‘ধুরন্ধর’ ছবিতে ‘রহমান ডাকাত’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন অক্ষয় খান্না। ছবি মুক্তির পর থেকেই তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক ও সমালোচকরা।দীর্ঘ অভিনয়জীবনে একাধিক থ্রিলার,রোম্যান্টিক ও কমেডি ছবিতে অভিনয় করলেও এমন সর্বসম্মত প্রশংসা খুব কমই পেয়েছেন তিনি।জনপ্রিয় অভিনেতা বিনোদ খান্নার ছেলে হলেও অক্ষয় কখনও তারকাসন্তানের পরিচয়ের উপর নির্ভর করেননি।বরং নিজের অভিনয় দক্ষতা দিয়েই বলিউডে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।’ধুরন্ধর’-এর সাফল্যের মধ্যেই সামনে এসেছে একটি মজার ঘটনা,যা শুনে অনুরাগীরাও বেশ অবাক হয়েছেন।অভিনেত্রী তিলোত্তমা সোম জানিয়েছেন,একদিন সামনাসামনি দেখা হলেও প্রথমে তিনি অক্ষয়কে চিনতেই পারেননি।
বর্তমানে অক্ষয় তাঁর আসন্ন ছবি ‘ইক্কা’-র প্রচারে ব্যস্ত। আগামী ১০ জুলাই মুক্তি পাবে ছবিটি।এতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল ও তিলোত্তমা সোম।শুটিং চলাকালীন একদিন স্টুডিয়ো থেকে বেরিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাঁকে দেখে হাসেন। তিলোত্তমাও সৌজন্যবশত হাসি ফিরিয়ে দিয়ে এগিয়ে যান।কিছুক্ষণ পর পিছন থেকে’তিলোত্তমা’ বলে ডাক শুনে ফিরে তাকাতেই দেখেন,যাঁকে তিনি চিনতে পারেননি,তিনি অক্ষয় খান্না।পরে হাসতে হাসতেই অভিনেত্রী জানান, অক্ষয়কে চিনতে না পারার একমাত্র কারণ ছিল তাঁর হাসিমুখ।কারণ সাধারণত অক্ষয়কে এতটা হাসতে দেখা যায় না।তবে তিনি মানুষ হিসেবে অত্যন্ত ভদ্র,শান্ত ও সহ-অভিনেতাদের প্রতি সম্মান দেখানো একজন ব্যক্তি বলেও প্রশংসা করেন তিলোত্তমা।
অক্ষয় খান্নার শান্ত ও সংযত স্বভাবের কথা বলিউডে বহুবার আলোচনায় এসেছে।অনেক সহকর্মীরই দাবি,তিনি খুব কম কথা বলেন এবং নিজের ব্যক্তিগত পরিসর বজায় রাখতে ভালোবাসেন।অভিনেত্রী কঙ্গনা রনৌতও একসময় জানিয়েছিলেন,’নো প্রবলেম’ ছবির শুটিংয়ের সময় অক্ষয়ের সঙ্গে বন্ধুত্ব করার জন্য তিনি একাধিকবার কথা বলার চেষ্টা করেছিলেন।কিন্তু অক্ষয় বিশেষ সাড়া দেননি। শুধু তাঁর সঙ্গেই নয়,সেটে উপস্থিত অন্যদের সঙ্গেও খুব কম কথা বলতেন তিনি।অক্ষয় নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন,তিনি নিজের মতো করে জীবন কাটাতেই স্বচ্ছন্দ।বিয়ে সম্পর্কে তাঁর ইতিবাচক ধারণা থাকলেও আপাতত সেই বন্ধনে জড়ানোর কোনও পরিকল্পনা নেই। একা থাকতেই তিনি সুখী এবং সেই জীবনই উপভোগ করছেন।