বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে।বিশেষ করে তাঁদের পুত্র বিহানের জন্মের পর থেকে সেই কৌতূহল আরও বেড়েছে।২০২৫ সালের নভেম্বরে জন্ম হওয়া বিহানের বয়স এখন সাত মাস।তবে সন্তানের জন্মের পর থেকেই তাঁকে মিডিয়ার নজর থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভিকি ও ক্যাটরিনা।মাঝেমধ্যে পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেও এখনও প্রকাশ্যে আনেননি ছেলের মুখ।ফলে ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—ছোট্ট বিহান দেখতে কার মতো হয়েছে?অবশেষে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ভিকির বাবা ও খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাতিকে নিয়ে কথা বলতে গিয়ে শ্যাম কৌশল জানান,বিহানের চেহারায় তাঁর বাবা ভিকি কৌশলের ছাপই সবচেয়ে বেশি স্পষ্ট।তিনি বলেন,নাতির আগমনের পর তাঁর জীবন যেন নতুন অর্থ খুঁজে পেয়েছে। কাজের ব্যস্ততায় সবসময় বিহানের কাছে থাকতে না পারলেও ভিডিও কলে নিয়মিত তার খোঁজ নেন তিনি। শ্যামের কথায়,পরিবারের নতুন সদস্য তাঁদের সংসারে এক অন্যরকম আনন্দ এনে দিয়েছে।নাতিকে কোলে নেওয়া কিংবা তার সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো এখন তাঁর জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলোর মধ্যে অন্যতম। বলিউডে তারকাদের সন্তানদের জনসমক্ষে না আনার প্রবণতা নতুন নয়।আলিয়া ভাট-রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহও সন্তানদের প্রথম দিকে প্রচারের আলো থেকে দূরে রেখেছিলেন।ভিকি ও ক্যাটরিনাও সম্ভবত সেই পথই অনুসরণ করছেন।
অন্যদিকে,বাবা হওয়ার পর নিজের জীবনে আসা পরিবর্তনের কথা একাধিকবার জানিয়েছেন ভিকি কৌশল। এক সাক্ষাৎকারে তিনি বলেন,আগে ফোন হারিয়ে যাওয়ার বিষয়ে খুব একটা ভাবতেন না।কিন্তু এখন ফোনে ছেলের অসংখ্য ছবি ও ভিডিও জমা থাকায় সেটি নিয়ে অনেক বেশি সতর্ক হয়ে গিয়েছেন।সুযোগ পেলেই তিনি বিহানের ছবি দেখেন এবং তার ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করেন।ভিকির মতে,সন্তান জন্মের পর একজন মানুষের জীবন ও অগ্রাধিকার অনেকটাই বদলে যায়।তাঁর ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে।কাজের ব্যস্ততার মাঝেও এখন পরিবারের জন্য সময় বের করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও এখনও প্রকাশ্যে আসেনি বিহানের মুখ,তবুও দাদুর এই মন্তব্যের পর তাকে নিয়ে অনুরাগীদের আগ্রহ আরও বেড়েছে।এখন সকলের অপেক্ষা,কবে প্রথমবারের মতো ভিকি ও ক্যাটরিনা তাঁদের আদরের সন্তানকে আনুষ্ঠানিকভাবে সবার সামনে নিয়ে আসবেন।