আগামী আইপিএল মরশুমকে ঘিরে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে ক্রিকেটমহলে।সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।সূত্রের খবর,আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে অজিঙ্ক রাহানেকে আর দেখা নাও যেতে পারে।আর সেই শূন্যস্থান পূরণে কেকেআরের প্রথম পছন্দ হতে পারেন হার্দিক।জানা গিয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর থেকেই কেকেআর কর্তৃপক্ষ তাঁকে দলে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করেছে।দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে এই বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে বলেও খবর।গত আইপিএলের শেষ পর্যায় থেকেই নাকি এই নিয়ে যোগাযোগ শুরু হয়েছিল,যদিও তখন নানা কারণে বিষয়টি এগোয়নি।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে,সম্প্রতি আবারও কেকেআর এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে বৈঠক হয়েছে। বেশ কয়েক দফার আলোচনায় হার্দিককে নাইট শিবিরে আনার সম্ভাবনা নিয়ে কথা হয়েছে।কেকেআরের বর্তমান সহ-অধিনায়ক রিঙ্কু সিংকে ভবিষ্যতের নেতা হিসেবে দেখা হলেও,এখনও তাঁকে পূর্ণ দায়িত্ব দেওয়ার বিষয়ে নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট।সেই কারণেই অভিজ্ঞ এবং প্রমাণিত নেতা হিসেবে হার্দিকের নাম গুরুত্ব পাচ্ছে।তবে এই সম্ভাব্য চুক্তি ট্রেডের মাধ্যমে হবে,নাকি সরাসরি অর্থের বিনিময়ে, তা এখনও পরিষ্কার নয়।নিয়ম অনুযায়ী,ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে আলোচনা হলেও শেষ পর্যন্ত ক্রিকেটারের সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
এদিকে হার্দিককে নিয়ে অন্য দলগুলির আগ্রহও রয়েছে বলে শোনা যাচ্ছে।বিশেষ করে রাজস্থান রয়্যালসের নাম উঠে এলেও সেখানে অধিনায়কত্ব পাওয়ার নিশ্চয়তা নেই। অন্যদিকে কেকেআরে যোগ দিলে নেতৃত্বের দায়িত্ব প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।সেই কারণেই নাইট শিবির হার্দিকের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। উল্লেখ্য,কয়েক বছর আগে রোহিত শর্মার পরিবর্তে হার্দিককে মুম্বাইয়ের অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়ার মুখেও পড়তে হয়েছিল তাঁকে।যদিও পরবর্তীতে নিজের পারফরম্যান্স দিয়ে পরিস্থিতি বদলে দেওয়ার আশা ছিল, কিন্তু তা পুরোপুরি সম্ভব হয়নি।তাই নতুন পরিবেশে নতুন দায়িত্ব নিয়ে হার্দিকের কেরিয়ারে নতুন অধ্যায় শুরু হতে পারে বলেই মনে করছেন অনেকে।