Indian man allegedly attacked in US
আমেরিকায় খুন করা হল এক ভারতীয় যুবককে। ফিলাডেলফিয়ায় একটি অনলাইন খাদ্যসরবরাহকারী সংস্থায় আংশিক সময়ের জন্য কাজ করতেন তিনি। পিৎজ়া অর্ডারের বাহানায় ডেকে তাঁকে গুলি করে খুন করার অভিযোগ উঠল গ্রাহকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনশুল কুঞ্চা। তাঁর বাড়ি তেলঙ্গানায়। ফিলাডেলফিয়ায় একটি বহুজাতিক সংস্থায় চাকরি করতেন অনশুল। পাশাপাশি, অতিরিক্ত উপার্জনের জন্য একটি অনলাইন খাদ্যসরবরাহকারী সংস্থায় আংশিক সময়ের কাজেও ঢুকেছিলেন। শনিবার রাতে একটি পিৎজ়ার অর্ডার আসে। সেই পিৎজ়া সরবরাহ করতে গিয়েছিলেন অনশুল। নির্জন একটি জায়গায় সেই খাবার পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁর। সময়মতো গ্রাহকের দেওয়া ঠিকানাতে পিৎজ়া নিয়ে পৌঁছে গিয়েছিলেন।
অভিযোগ, সেই সময় ওই গ্রাহকই তাঁর মাথা লক্ষ্য করে পর পর গুলি চালান। তার পর পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে অনশুলের দেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, অনশুলের কাছ থেকে কোনও কিছুই লুট করা হয়নি। আর এখান থেকেই সন্দেহ, পিৎজ়া অর্ডারের বাহানায় অনশুলকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা বলেই দাবি পরিবারের সদস্যদের। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, হামলাকারীরা সংখ্যায় দু’জন ছিলেন। তাঁদের মুখ ঢাকা ছিল। পিঠে ব্যাগ ছিল। এর আগেও ডাকাতির শিকার হয়েছিলেন অনশুল।
সেই সময় তাঁর ঘড়ি, সোনার চেন, টাকাপয়সা লুট করে দুষ্কৃতীরা। কিন্তু এ বার তাঁর কাছ থেকে কোনও কিছুই খোয়া যায়নি। পরিবারের দাবি, এটি ডাকাতির ঘটনা নয়, হত্যা করার জন্যই পিৎজ়া অর্ডারের বাহানায় ফাঁদ পেতেছিল দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অনশুলের দেহ যাতে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়, তার জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছে তাঁর পরিবার।