ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: নিহত ৩২, আহত প্রায় ৭০০; সহায়তার আশ্বাস ট্রাম্পের
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ৭০০ জন। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে সংঘটিত দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ধসে পড়েছে অবকাঠামো এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান শুরু করে জরুরি সেবা সংস্থাগুলো। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। অনেক এলাকায় জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ভেনেজুয়েলার জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক এবং পরিস্থিতি খুবই গুরুতর। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত, আগ্রহী এবং সক্ষম। তিনি আরও বলেন, সরকারের সব সংস্থাকে সম্ভাব্য মানবিক সহায়তার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জনগণের পাশে থাকবে এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। একই সঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে যে প্রতিবেদনগুলো পাওয়া যাচ্ছে, তা খুব একটা আশাব্যঞ্জক নয়।
অন্যদিকে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ওয়াশিংটন প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দিয়েছে।
ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলার প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছে। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চিলির প্রেসিডেন্টসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা যে সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন, সেজন্যও তাদের ধন্যবাদ জানান তিনি।
বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সহায়তার বিভিন্ন প্রস্তাবও বিবেচনা করছে ভেনেজুয়েলা সরকার। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।