রাজ্যের সমাজকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে বড় ঘোষণা করল নতুন সরকার। অন্নপূর্ণা যোজনার আওতায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে শুরু করার পর এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং যুব ভাতা নিয়েও আশ্বাস দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।
মঙ্গলবার হাওড়ার উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের জোয়াড়গড়ি গ্রামে ১০০ দিনের কাজের সূচনা অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী জানান, খুব শীঘ্রই বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা চালু করা হবে। পাশাপাশি যুবকদের জন্য ঘোষিত ভাতা প্রকল্পও দ্রুত শুরু করার লক্ষ্যে সমীক্ষার কাজ চলছে বলে জানান তিনি।
সরকারি সূত্রে খবর, অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যেই বহু উপভোক্তার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে জমা পড়তে শুরু করেছে। লক্ষ্মীর ভাণ্ডারের পুরনো তালিকা পুনর্বিবেচনার পর প্রথম পর্যায়ে ৫০ লক্ষেরও বেশি মহিলা এই সুবিধা পেয়েছেন বলে দাবি প্রশাসনের।
দিলীপ ঘোষের অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন প্রকল্পে উপভোক্তা নির্বাচনে অনিয়ম হয়েছিল। তাঁর দাবি, প্রকৃত সুবিধাভোগীদের হাতে সরকারি সাহায্য পৌঁছে দিতেই বর্তমানে তালিকা যাচাইয়ের কাজ চলছে। আগামী তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করে নতুন তালিকা প্রকাশ করা হবে।
তবে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার ক্ষেত্রে মাসিক ভাতার পরিমাণ কত হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি। পূর্ববর্তী সরকারের আমলে এই দুই প্রকল্পে মাসে ১,০০০ টাকা করে দেওয়া হত। নতুন সরকার সেই অঙ্ক বাড়াবে নাকি বহাল রাখবে, তা নিয়ে এখনো জল্পনা চলছে।
এদিকে সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালও সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীরা ৬০ বছর বয়সের পর বার্ধক্য ভাতার আওতায় আসতে পারবেন। ফলে অন্নপূর্ণার পর এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও যুব ভাতা নিয়ে নতুন আশ্বাসে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা আরও বেড়েছে।