ভোকেশনাল ও SACT শিক্ষকদের জন্য বড় ঘোষণা, মাসিক পারিশ্রমিক বাড়ল ২ হাজার টাকা
রাজ্যের ভোকেশনাল শিক্ষক এবং SACT (State Aided College Teachers)-দের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার বিধানসভায় তিনি জানান, এই দুই শ্রেণির শিক্ষকদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই ঘোষণায় দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসা শিক্ষক মহলে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহে রাজ্য বাজেট পেশের সময় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলেও ভোকেশনাল শিক্ষক এবং SACT-দের জন্য কোনো আর্থিক সুবিধার কথা বলা হয়নি। ফলে শিক্ষক সংগঠনগুলির মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছিল। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিধানসভায় অর্থমন্ত্রী স্পষ্ট জানান, সরকার তাঁদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং সেই কারণেই এই পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বপন দাশগুপ্ত বলেন, “অনেকের দাবি হয়তো এই মুহূর্তে পূরণ করা সম্ভব হয়নি, কিন্তু ভোকেশনাল ও SACT শিক্ষকদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা বাড়িয়ে আমরা তাঁদের প্রতি সুবিচার করার চেষ্টা করছি।” তাঁর এই ঘোষণাকে শিক্ষক সমাজের প্রতি সরকারের ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন অনেকে।
এদিন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির বিষয়েও সরকারের অবস্থান ব্যাখ্যা করেন অর্থমন্ত্রী। তিনি জানান, দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ এবং ভাতা সংক্রান্ত যে ক্ষোভ তৈরি হয়েছিল, তা দূর করতেই সরকার এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সরকারের দাবি, এই পদক্ষেপ সরকারি কর্মীদের আর্থিক স্বস্তি দেবে।
একইসঙ্গে তিনি ‘অন্নপূর্ণা যোজনা’ এবং পূর্ববর্তী সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মধ্যে পার্থক্যও তুলে ধরেন। তাঁর বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার ছিল সর্বজনীন প্রকল্প, কিন্তু অন্নপূর্ণা যোজনার মূল লক্ষ্য হলো প্রকৃত প্রয়োজনভিত্তিক সহায়তা পৌঁছে দেওয়া।
রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং কলকাতাকে আবার কর্মসংস্থান ও সম্ভাবনার কেন্দ্র হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। তাঁর কথায়, “এই বাজেট শুধুই সূচনা। আমরা গোটা দেশকে দেখাতে চাই, পশ্চিমবঙ্গ আবার নতুন করে জেগে উঠছে।”