Uniform Civil Code
নতুন সরকারের আমলে রাজ্যে চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি Uniform Civil Code বা ইউনিফর্ম সিভিল কোড (UCC)। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার থাকার সময় এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 2026-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে পালাবদল ঘটেছে। বঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম অধিবেশনের শেষ দিনেই এই গুরুত্বপূর্ণ বিধি বলবৎ করতে চেয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল শুভেন্দু অধিকারীর সরকার। এখনও পর্যন্ত উত্তরাখণ্ড, অসম এবং গোয়ায় এই অভিন্ন দেওয়ানি বিল (UCC) পাস হয়ে হয়েছে।
সবকিছু ঠিকঠাক থাকলে এই তিন বিজেপি শাসিত রাজ্যের পর পশ্চিমবঙ্গে এবার এই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হতে চলেছে। উল্লেখ্য, আজ অর্থাৎ বৃহস্পতিবার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ডেকে এই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সন্ধ্যা 7টায় এই নিয়ে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ডেকেছেন অধ্যক্ষ রথীন্দ্র বসু। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার রাজ্য বিধানসভায় এই বিল পেশ করা হতে পারে। তারপর দ্রুত এই বিল কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।
সম্প্রতি অসম বিধানসভায় দীর্ঘ বিতর্কের পর অভিন্ন দেওয়ানি বিল পাস হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেন, এটি শুধুমাত্র বিজেপির রাজনৈতিক কর্মসূচি নয়, সংবিধানের নির্দেশক নীতির একটি প্রতিশ্রুতি যা এখনও পূরণ করা সম্ভব হয়নি। তাঁর দাবি, স্বাধীনতার পর কংগ্রেসও একসময় অভিন্ন দেওয়ানি আইনের পক্ষেই ছিল। হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন সরকারের মতে, এই আইন মূলত উত্তরাধিকার, বিবাহ, বহুবিবাহ, বিবাহবিচ্ছেদ, লিভ-ইন সম্পর্কের নথিভুক্তিকরণ এবং নিষিদ্ধ করার মতো বিষয়গুলিকে এক ছাতার তলায় আনবে।
পাশাপাশি, নারী অধিকার ও লিঙ্গ-সমতা স্থাপন এই আইনের অন্যতম লক্ষ্য। তবে অসমে সেখানকার জনজাতি সম্প্রদায়কে এই অভিন্ন দেওয়ানি আইনের আওতার বাইরে রাখা হয়েছে। এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অভিন্ন দেওয়ানি আইনে এই রাজ্যের জঙ্গলমহলের কিছু বিশেষ সম্প্রদায়কে ছাড় দেওয়া হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷