Arjun Singh ,BJP leader, sitting MP and Lok sabha candidate from Barrackpore during an interview with Indian Express at Mazdoor Bhavan in Bhat Para , North 24 Parganas on Thursday, May 16, 2024.Express photo by Partha Paul.Kolkata.17.05.24.
দুর্গাপূজোতেই কলকাতার রাস্তায় ফিরছে এসি ট্রাম! বাঁ দিক ধরে চলবে ঐতিহ্যের নতুন সফর
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের কলকাতার রাজপথে ফিরতে চলেছে শহরের ঐতিহ্যবাহী ট্রাম। তবে এবার আর আগের মতো রাস্তার মাঝখান দিয়ে নয়, যানজট কমাতে ট্রাম চলবে রাস্তার একেবারে বাঁ দিক ধরে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আগামী দুর্গাপূজো থেকেই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) অত্যাধুনিক ট্রামে চেপে কলকাতার বিভিন্ন প্রান্ত ঘুরে ঠাকুর দেখার সুযোগ পাবেন শহরবাসী ও পর্যটকরা। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে এই উদ্যোগ শহরের গণপরিবহণ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছে পরিবহণ দপ্তর।
বুধবার ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ICCI)-এর এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানান, কলকাতায় একসময় চলা মোট ৭০টি ট্রামকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন রূপ দিয়ে ফের পরিষেবায় ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাম চলাচলের নতুন রূপরেখা তৈরি করতে এবং রাস্তার বাঁ দিক দিয়ে এই পরিষেবা কতটা কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব, তা খতিয়ে দেখতে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা রাইটস (RITES)-কে। আগামী ৩০ দিনের মধ্যে সমীক্ষা শেষ করে চূড়ান্ত রিপোর্ট ও ব্লুপ্রিন্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবহণ দপ্তরের দাবি, নতুন ট্রামগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হবে এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে। যাত্রীদের আরামদায়ক ভ্রমণের পাশাপাশি শহরের যান চলাচলে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে এই পরিষেবাকে পরিবেশবান্ধব গণপরিবহণ হিসেবে গড়ে তোলার লক্ষ্যও রয়েছে সরকারের।
শুধু কলকাতার মূল শহরেই নয়, ভবিষ্যতে রাজারহাট-নিউটাউন এলাকাতেও এই অত্যাধুনিক ট্রাম পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সেই সম্ভাবনাও খতিয়ে দেখবে রাইটস। সমীক্ষার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পরিবহণ দপ্তর।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কলকাতার ট্রাম পরিষেবা ধীরে ধীরে বন্ধের মুখে চলে গিয়েছিল। একাধিক রুট বন্ধ হয়ে যাওয়ায় শহরের ঐতিহ্যের অন্যতম প্রতীক প্রায় হারিয়ে যেতে বসেছিল। এবার সেই ঐতিহ্যকে নতুন প্রযুক্তি, আধুনিক সুযোগ-সুবিধা এবং পরিবেশবান্ধব ভাবনার সঙ্গে যুক্ত করে ফের শহরের রাজপথে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন দেখার, নতুন রূপে ফিরে আসা এই এসি ট্রামকে কলকাতাবাসী ও পর্যটকরা কতটা সাদরে গ্রহণ করেন।