Lookout notice issued against PA of Abhishek Banerjee
গ্রেফতারি পরোয়ানার পরে এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ‘লুক আউট নোটিস’ জারি করল রাজ্যের গোয়েন্দা দফতর সিআইডি। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সোমবারই তাঁর বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানায়। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। তার পরেই সিআইডির মাধ্যমে লুকআউট নোটিস জারি হল। দেশের যে কোনও বন্দর থেকে পালানোর চেষ্টা করলেই আটক হবেন সুমিত। গত কয়েক দিন ধরেই সুমিতের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। কিন্তু সুমিতের সন্ধান মেলেনি এখনও। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের মামলায় সিআইডি উদ্যোগী হয়ে অভিবাসন দফতরের দ্বারস্থ হয়ে আবেদন করে। আবেদন মঞ্জুর হয়েছে মঙ্গলবার। সোমবার সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। ওই দিন আগাম জামিনের আর্জিতে হাই কোর্টের দ্বারস্থ হন সুমিত। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন সুমিতের আইনজীবী। চলতি সপ্তাহে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
সুমিতের খোঁজ করতে গত শনিবার ভোরে কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে পৌঁছে যায় শালবনি থানার পুলিশ। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। দীর্ঘ ক্ষণ অপেক্ষা করার পরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল পুলিশ। সূত্রের খবর, সুমিতের মোবাইলের টাওয়ার লোকেশন শেষ বার তাঁরা পেয়েছিলেন অভিষেকের বাড়িতেই। সেই সূত্র ধরেই অভিষেকের বাড়িতে শনিবার হানা দেয় শালবনি থানার পুলিশ। যদিও সেখানে সুমিতকে পাওয়া যায়নি। ওই একই দিনে হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও চলে পুলিশি অভিযান। সেখানেও তাঁর হদিস মেলেনি। শালবনি থানার একটি মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিতের খোঁজ চালাচ্ছে পুলিশ। সূত্রের খবর, কিছু আগে জমি দুর্নীতি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করার সময়ে সুমিতের নাম উঠে আসে।